গয়নার লোভ নাকি বীভৎস ষড়যন্ত্র? ৯ বছরের স্কুলছাত্রীকে ডেকে নিয়ে খুন, অভিযুক্ত কিশোরী

ন’ বছরের একটি ফুটফুটে নাবালিকাকে খুনের অভিযোগে এক কিশোরীকে আটক করার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের নওদায়। গয়না হাতানোর লোকেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ তুলেছে মৃতের পরিবার। এই মর্মান্তিক ঘটনায় গোটা বালি গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালিকার নাম মল্লিকা খাতুন (৯)। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা ইজারুল শেখ পেশায় একজন কৃষক, কাজের সূত্রে তিনি মাঝে মধ্যেই ভিন রাজ্যে যান। পরিবারের বিবরণ অনুযায়ী, গত বৃহস্পতিবার সকালের দিকে মল্লিকার মা তাঁর ছোট ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য প্রথমে বেলডাঙা এবং পরে বহরমপুরে গিয়েছিলেন। বাবাও সেই সময় মাঠে চাষের কাজে ব্যস্ত ছিলেন। বাড়িতে একাই ছিল মল্লিকা। অভিযোগ, এই সুযোগেই পাশের বাড়িতে থাকা ১৫ বছরের এক কিশোরী খেলার ছলে তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। উল্লেখ্য, অভিযুক্ত কিশোরীর বাবা-মা দিল্লিতে থাকেন, ফলে সে বাড়িতে একাই থাকত।
দুপুরে বাড়িতে ফিরে মেয়েকে দেখতে না পেয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন বাবা-মা। শুরু হয় জোর তল্লাশি। গ্রামের আনাচে-কানাচে খোঁজাখুঁজির পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়। বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে ফোন করার পাশাপাশি মাইকেও প্রচার চালানো হয়। এমনকী পলাশী স্টেশনেও মেয়ের খোঁজ করা হয়েছিল, কিন্তু কোথাও তার কোনো সন্ধান মেলেনি। এরপর পরিবারের পক্ষ থেকে নওদা থানায় একটি নিখোঁজের ডায়েরি করা হয়। পুলিশও সঙ্গে সঙ্গে গ্রামে নেমে তল্লাশি শুরু করে।
চৌকির তলা থেকে উদ্ধার দেহ
পরিবারের দাবি, সারারাত ধরে তল্লাশি চালানোর পরেও প্রথমে মল্লিকার কোনো হদিশ মেলেনি। কিন্তু শেষ পর্যন্ত সন্দেহ হওয়ায় পাশের বাড়ির ওই কিশোরীর ঘরে তল্লাশি চালান তাঁরা। আর তাতেই ঘরের ভেতরের চৌকির তলা থেকে উদ্ধার হয় তৃতীয় শ্রেণির ছাত্রী মল্লিকার নিথর দেহ। পুলিশ জানিয়েছে, ওই একই ঘর থেকে মল্লিকার গায়ের সোনার কানের দুল এবং হাত ও গলার রুপোর গয়নাগুলিও উদ্ধার করা হয়েছে।
নিহত মল্লিকার আত্মীয় আজিজুল শেখের মারাত্মক অভিযোগ, সম্পূর্ণ পরিকল্পনা করে স্রেফ গয়না হাতানোর উদ্দেশ্যেই এই খুন করা হয়েছে। তাঁর দাবি, ওড়না দিয়ে মল্লিকার হাত-পা শক্ত করে বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর দেহটি খাটের তলায় লুকিয়ে রেখে তার উপরেই নাকি নিশ্চিন্তে রাত কাটিয়েছিল অভিযুক্ত কিশোরী। কান্নাজড়িত কণ্ঠে আজিজুল বলেন, “মায়ের সঙ্গে ডাক্তার দেখাতে গিয়ে ফিরে এসে দেখি মেয়ে নেই। সারারাত খুঁজেও পাইনি। শেষ পর্যন্ত পাশের বাড়ির চৌকির তলা থেকে দেহ উদ্ধার হলো। আমরা এই ঘটনার কঠোর শাস্তি চাই।”
স্রেফ গয়নার লোভ, নাকি এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনো গভীর কারণ লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। ন’বছরের একটি শিশুর এমন মর্মান্তিক পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী।