বডির সঙ্গে বডির লড়াই, এ তো সিভিল ওয়ার!’ সিপিএমকে নিয়ে এ কী তুললেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত?”

চিকিৎসা বিজ্ঞানের একটি সচেতনতামূলক মঞ্চ থেকে সরাসরি রাজনৈতিক আক্রমণ শানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। মানবদেহের একটি জটিল রোগ ‘মাল্টিপল স্ক্লেরোসিস’-এর উদাহরণ টেনে তিনি সরাসরি সিপিআইএম (CPI-M) এবং সিজেপি-কে নিশানা করেছেন। স্বাস্থ্যমন্ত্রীর এই বিস্ফোরক মন্তব্য ঘিরে এখন রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ও বিতর্কের ঝড় উঠেছে।

কী এই ‘মাল্টিপল স্ক্লেরোসিস’ তত্ত্ব?

মাল্টিপল স্ক্লেরোসিস রোগটি ঠিক কী এবং তা কীভাবে কাজ করে, তার ব্যাখ্যা দিতে গিয়ে স্নায়ুতন্ত্রের গঠন এবং মাইলিন শিথ (Myelin Sheath)-এর উদাহরণ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বোঝান যে এটি একটি অটোইমিউন ডিজিজ, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাই ভুল করে মানবদেহের বিরুদ্ধে লড়াই শুরু করে।

এই প্রসঙ্গে শারদ্বতবাবু বলেন, “আমার শরীরই আমার রোগ তৈরি করছে। বডির সঙ্গে বডির লড়াই চলছে। ইটস এ সিভিল ওয়ার উইদিন দ্য বডি ইটসেলফ।” আর ঠিক এই বিষয়টিকেই রাজনৈতিক প্রেক্ষাপটে টেনে এনে তাঁর দাবি, মাল্টিপল স্ক্লেরোসিসে যেমন শরীরের ভিতর থেকেই শরীরের ওপর আক্রমণ চালানো হয়, তেমনই কিছু সংস্থাও দেশের অভ্যন্তরে থেকে দেশকে দুর্বল করার কাজ করছে। আর ভারতের রাজনৈতিক ক্ষেত্রে এই ‘মাল্টিপল স্ক্লেরোসিস’-এর জীবন্ত উদাহরণ হল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া।

সিপিএমের আদর্শ ও মোদী-শাহের প্রশংসা

সিপিআইএমের নতুন প্রচার অভিযান নিয়ে প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “কে সিপিএম? ভারতবর্ষে তো আমি জানি না! যারা নিজেদের ‘কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া’ বলে, ‘ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি’ নয়… এরা দেশের জন্য কিচ্ছু করেনি। চিন, ভিয়েতনাম এবং প্রাক্তন সোভিয়েত রাশিয়ার মতো দেশের আদর্শকে অনুসরণ করেছে।”

পাশাপাশি, এই একই মঞ্চ থেকে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস দমন ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূয়সী প্রশংসা করেন তিনি। এমনকি দেশের মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখার কৃতিত্বও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেন শারদ্বত মুখোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটপাথ বিতর্ক এবং সেলিমের পালটা আক্রমণ

সাম্প্রতিক কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবাসনের সামনে ফুটপাথের উপর থাকা ঘেরাটোপ ও প্যান্ডেল ভাঙা প্রসঙ্গেও কড়া মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর মতে, রাজ্যের ৪২ জন সাংসদেরই যদি নিয়ম হয়, তবে তাঁরাও বাড়ির সামনে ফুটপাথ দখল করে গেট বানিয়ে নিতে পারেন। জনপ্রতিনিধিদের সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত এবং এই নিয়ম সবার জন্যই সমান হওয়া দরকার বলে মত প্রকাশ করেন তিনি।

এদিকে, স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানাতে ছাড়েননি সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শারদ্বত মুখোপাধ্যায়কে সরাসরি ‘তোলাবাজ’ বলে নিশানা করে সেলিম বলেন, “আরএসএস শুরু থেকে বলে আসছে, কমিউনিস্ট পার্টি ব্যান করেছে অনেকবার। প্রমাণ করতে পেরেছেন? পুজোর আগে উনি তোলাবাজি করেন, সেটাই ভালো। উনি আবার রাজনৈতিক কথা কেন বলছেন? তাও আবার দেশ-বিদেশের!” সব মিলিয়ে এই রাজনৈতিক ও তাত্ত্বিক সংঘাতে পারদ চড়ছে বাংলার রাজনীতিতে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *