আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিষেধাজ্ঞা বহাল! হাই কোর্টের রায়ে বিপাকে রাজ্যের শতাধিক কলেজ

রাজ্যজুড়ে শিক্ষক প্রশিক্ষণের কলেজগুলোকে কেন্দ্র করে চলা বিতর্ক নতুন মোড় নিল। প্রয়োজনীয় পরিকাঠামো না থাকার কারণে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে চলতি ২০২৬-২৮ শিক্ষাবর্ষে বিএড এবং ডিএলএড কোর্সে ছাত্রছাত্রী ভর্তির উপর নিষেধাজ্ঞা বহাল রাখল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতদিন না এই কলেজগুলির অনুমোদন বা অ্যাফিলিয়েশন সংক্রান্ত সমস্যা মিটছে, ততদিন নতুন ভর্তির আবেদন মঞ্জুর করা সম্ভব নয়।

টাকায় মিলছে ডিগ্রি, সিকিম সরকারের চিঠিতে অস্বস্তি মামলার শুনানির সময় আদালতের সামনে এক বিস্ফোরক তথ্য তুলে ধরেন সরকারি আইনজীবী। তিনি জানান, রাজ্যের বহু বিএড ও ডিএলএড কলেজ প্রয়োজনীয় পরিকাঠামো ছাড়াই রমরমিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। টাকার বিনিময়ে শিক্ষার্থীদের ডিগ্রি পাইয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে।

পরিস্থিতি এতটাই জটিল যে, সিকিম সরকারের পক্ষ থেকেও রাজ্যকে একটি চিঠি পাঠিয়ে জানানো হয়েছে যে, সেখানকার ছাত্রছাত্রীরা পয়সা খরচ করে ডিগ্রি কিনছেন। এই অভিযোগ সামনে আসার পর রাজ্য সরকার ইতিমধ্যেই অনুসন্ধান শুরু করেছে। আদালতের মতে, এই ধরনের কর্মকাণ্ডের ফলে বাইরের রাজ্যের কাছে বাংলার শিক্ষা ব্যবস্থার সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।

আইনি লড়াই ও আদালতের নির্দেশ বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ৬০টির বেশি কলেজ। তাদের আইনজীবীদের মূল যুক্তি ছিল, প্রতিটি কলেজের সমস্যা আলাদা। তাই সব কলেজকে এক ডাঁটায় মেপে সামগ্রিক নির্দেশ জারি না করে আলাদাভাবে পরিকাঠামো খতিয়ে দেখা উচিত। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর দেওয়ার আর্জি জানানো হয়।

সব পক্ষের দীর্ঘ সওয়াল-জবাব শোনার পর বিচারপতি সিনহা নির্দেশ দিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে কলেজগুলিকে তাদের সমস্ত বক্তব্য ও শোকজ নোটিশের উত্তর বিশ্ববিদ্যালয়ের কাছে জমা দিতে হবে। সেই সমস্ত তথ্য খতিয়ে দেখে বিশ্ববিদ্যালয় যদি সন্তুষ্ট হয়, তবেই ছাত্রছাত্রীদের স্বার্থে কলেজগুলিকে নতুন করে ভর্তির অনুমতি দেওয়া হতে পারে। তবে আপাতত বিশ্ববিদ্যালয়ের জারি করা নিষেধাজ্ঞার নির্দেশই বহাল রাখল আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *