‘এটাই সেই বিখ্যাত মিষ্টি!’ বন্ধু হাতে তুলে দিতেই নরকীয় কাণ্ড মধ্যপ্রদেশে, লোমহর্ষক পরিণতি যুবকের

মিষ্টি ভেবে দেশি বোমায় কামড়! মুখের ভিতরে ভয়াবহ বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মধ্যপ্রদেশের দিন্দোরি জেলার কোতোয়ালি থানা এলাকার পাড়ারিয়া গ্রামে গত মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে এই বীভৎস ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম রাজেন্দ্র বারোতিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নিজের বাড়িতেই ছিলেন রাজেন্দ্র। সেই সময় সেখানে আসেন অভিযুক্ত রাম। দুজনের কথাবার্তার মাঝেই রাম একটি দেশি বোমাকে বাংলার জনপ্রিয় ‘রসগোল্লা’ বলে রাজেন্দ্রর হাতে তুলে দেন। বাড়িতে অন্ধকার থাকায় বস্তুটি আসল রসগোল্লা নাকি বিস্ফোরক, তা বুঝতে পারেননি রাজেন্দ্র। সরল বিশ্বাসে সেটি মুখে পুরেই কামড় বসানো মাত্রই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই যুবক।

পরিবার সূত্রে জানা গেছে, বন্যপ্রাণী শিকার করার জন্যই মূলত ওই ধরনের দেশি বোমা তৈরি করা হয়েছিল। বিস্ফোরণের বিকট আওয়াজ শুনে পরিবারের সদস্যরা প্রতিবেশীদের সাহায্য নিয়ে রক্তাক্ত অবস্থায় রাজেন্দ্রকে একটি অটোরিকশায় চাপিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *