“রাজনীতিতে চোর অপবাদ?”-৪৯ দিন জেল খাটার পর প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

দীর্ঘ এক মাসের লড়াই শেষে কলকাতার বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নদিয়ার প্রবীণ তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস (৭২)। বুধবার তাঁর প্রয়াণের পর বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ নিয়ে আসা হয় কৃষ্ণনগরে। শববাহী গাড়ি কাঠুরিয়াপাড়ায় ঢুকতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য, সতীর্থ এবং অগণিত অনুগামী। দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা স্মৃতির পাশাপাশি তাঁর জীবনের শেষ মুহূর্তের চরম বিতর্ক ও অপমানের প্রসঙ্গও এ দিন বারবার উঠে আসে সতীর্থদের মুখে।

স্বাধীনতা সংগ্রামীর পরিবার থেকে রাজনীতির আঙিনায়

ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রামী বসন্ত বিশ্বাসের ভাইপো ছিলেন উজ্জ্বল বিশ্বাস। ছাত্র রাজনীতির হাত ধরে জনজীবনে পা রাখা এই প্রবীণ নেতা দীর্ঘ সময় কংগ্রেস করার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তৃণমূলে যোগ দেন। নদিয়া তথা রাজ্য রাজনীতির অন্যতম পরিচিত মুখ উজ্জ্বল বিশ্বাস বহু নবীন নেতাকে রাজনীতিতে আসার পথ প্রশস্ত করেছিলেন।

কংগ্রেসে থাকাকালীন কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জিততে না পারলেও, ২০১১ সালে পালাবদলের পর ওই কেন্দ্র থেকেই জয়ী হয়ে মন্ত্রী হন তিনি। প্রথমে যুবকল্যাণ দপ্তরের দায়িত্ব পাওয়ার পর একে একে খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন, কারা এবং বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সাফল্যের সঙ্গে সামলেছেন তিনি।

ত্রাণসামগ্রী দুর্নীতি ও ‘ডিম হামলা’র ক্ষত

রাজনৈতিক জীবনের শেষভাগে এসে বড় ধরনের আইনি ও সামাজিক বিপাকে পড়েছিলেন উজ্জ্বল বিশ্বাস। গত ৯ জুন তাঁর কাঠুরিয়াপাড়ার বাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধারের অভিযোগ ওঠে। সেই সময় তাঁর বাড়িতে চড়াও হয়ে প্রবীণ নেতার দিকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। চেয়ারে বসে থাকা বয়স্ক নেতার গায়ে ডিম পড়ার সেই ছবি ও ভিডিও রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল। এর পরই কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ তাঁকে আটক করে এবং একটানা ৪৯ দিন তাঁকে কারাবাস করতে হয়। চতুর্থ মামলায় জামিন পেয়ে তিনি জেলমুক্ত হলেও ওই অপমানজনক ঘটনা তাঁর মানসিক স্বাস্থ্য ও শরীরকে ভেঙে দিয়েছিল বলে দাবি ঘনিষ্টমহলের।

প্রবীণ নেতার প্রয়াণে কান্নায় ভেঙে পড়ে তাঁর দীর্ঘদিনের সতীর্থ তথা শহর তৃণমূল নেতা পুলক হালদার বলেন, “রাজনীতিতে হার-জিত থাকতেই পারে। কিন্তু চোর অপবাদ? এমন নোংরামো আমরা কখনও দেখিনি। উজ্জ্বলদার অন্য কোনো ভুল থাকতে পারে, কিন্তু তিনি চোর—এ কথা তাঁর চরম শত্রুও কোনোদিন বলতে পারবে না।”

শেষযাত্রা ও অন্ত্যেষ্টি

বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে তাঁর মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় পোড়াগাছায় তাঁর নিজ গ্রামে, যেখানে তিনি একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। সেখান থেকে দেহ আনা হয় কৃষ্ণনগর কাঠুরিয়াপাড়ার বাসভবনে। এরপর একটি সুসজ্জিত মিছিল করে মরদেহ নিয়ে যাওয়া হয় পোস্ট অফিস মোড়ে। সেখানে সাধারণ মানুষ ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধাজ্ঞাপন শেষে দেহ নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার দলীয় কার্যালয় ধুবুলিয়াতে। এরপর সমস্ত শেষকৃত্য সম্পন্ন হবে নবদ্বীপ শ্মশানে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *