২৫ কেজি সোনা হাওয়া! মাদুরাইয়ের তানিশক শোরুমে ৩০ কোটির চুরি ঘিরে চাঞ্চল্য

উদ্বোধনের আগেই বিখ্যাত গয়না প্রস্তুতকারী সংস্থা তানিশকের (Tanishq) শোরুমে ঘটল এক দুঃসাহসিক চুরির ঘটনা। মাদুরাইয়ের একটি নতুন শোরুম থেকে প্রায় ২৫ কেজি সোনার গয়না চুরির অভিযোগ উঠেছে, যার আনুমানিক বাজার মূল্য ৩০ কোটি টাকা বলে মনে করা হচ্ছে। দীপাবলির ঠিক ১৫ দিন আগে মাদুরাই বাইপাস রোডে শোরুমটি খোলা হয়েছিল এবং সেটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়া বাকি ছিল। বৃহস্পতিবার সকালে দোকানের কর্মচারীরা কাজে এসে এই চুরির বিষয়টি দেখতে পান।

কীভাবে ঘটল এই ঘটনা? প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দোকানের পেছনের দরজা ও দেওয়াল ভেঙে তিনজন দুষ্কৃতী ভেতরে প্রবেশ করেছিল। দোকানের মোট মজুত গয়নার প্রায় ৩০ শতাংশই চুরি গিয়েছে বলে অনুমান করা হচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক সন্দেহভাজন ব্যক্তি লিফটের পথ ধরে উপরতলা থেকে শোরুমের ভেতরে প্রবেশ করে।

এখনও পর্যন্ত চুরি যাওয়া সোনার সঠিক পরিমাণ এবং তার মোট আর্থিক মূল্য নিশ্চিতভাবে জানাতে পারেনি পুলিশ। তবে এত বড় অঙ্কের চুরির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বর্তমানে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।

Pratik Saha
  • Pratik Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *