বাঁকুড়ায় আরও প্রায় ৩ লক্ষ নতুন বাড়ি তৈরি হবে!” জঙ্গলমহলবাসীকে একঝাঁক মেগা উপহার দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

জঙ্গলমহলের উন্নয়নের স্বার্থে একগুচ্ছ যুগান্তকারী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়ার মাটিতে পা রেখেই সাধারণ মানুষের জন্য বড়সড় উপহারের ঘোষণা করলেন তিনি। বিশেষ করে আবাসন প্রকল্প থেকে শুরু করে স্বাস্থ্যবিমা, শিক্ষা এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে একাধিক মেগা প্রকল্প রূপায়ণের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বাঁকুড়ায় আরও প্রায় ৩ লক্ষ নতুন বাড়ি ও স্বাস্থ্যবিমা
এদিন বাঁকুড়ায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “আবাস যোজনায় বাঁকুড়ায় মোট ২ লক্ষ ৯৫ হাজার ৮২টি নতুন বাড়ি নির্মাণ করা হবে।” পাশাপাশি জল জীবন মিশনের জল সরবরাহ, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার মাধ্যমে উন্নতমানের গম এবং আয়ুষ্মান কার্ডের সুবিধা পাওয়ার কথা জানান তিনি। এমনকি যাঁদের কাছে আয়ুষ্মান কার্ড থাকবে না, তাঁদের জন্যও ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’-র মাধ্যমে দেশের প্রায় ৩৮ হাজার হাসপাতালে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, আগামী কালই রাজ্যের ৭ লক্ষ আবাস প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ৪ হাজার ২০০ কোটি টাকা সরাসরি ছাড়ার কথাও জানিয়েছেন তিনি।
জঙ্গলমহলে আদিবাসী বিশ্ববিদ্যালয় ও কড়া প্রশাসনিক বার্তা
শিক্ষা ও সংস্কৃতির প্রসারের জন্য বাঁকুড়াতেই আরও একটি নতুন আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরির নির্দিষ্ট জায়গা ঠিক হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জঙ্গলমহলের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, “জঙ্গলমহলের মানুষকে কোনো পাহাড় আর কোনো জঙ্গলে আর হাত দিতে দেব না। এখানে আর কোনো অবৈধ বালি খাদানও চলতে দেব না। বালির দাম নিয়ন্ত্রণে রাখতে সমস্ত অবৈধ বালি খাদানগুলোকে বৈধ করে দেওয়া হবে।”
পূর্বতন বাম ও তৃণমূল আমলের জঙ্গলমহলকে বঞ্চিত করার তীব্র সমালোচনা করে তিনি জানান, মূল বাসিন্দাদের বিরুদ্ধে অতীতে দায়ের হওয়া সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে। পশ্চিমাঞ্চল উন্নয়ন বাজেট থেকে মোট ১২০০ কোটি টাকা খরচ করা হবে এবং আগামী ডিসেম্বরের মধ্যেই সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখতে সমস্ত বোর্ড গঠন করা হবে। এছাড়া পুরুলিয়া ও বাঁকুড়ার তরুণদের যোগ্যতার ভিত্তিতে এসসি-এসটি-ওবিসি অধিকার রক্ষা করে চাকরি দেওয়া হবে এবং পরিবেশবান্ধব শিল্প স্থাপনের জন্য জমিদাতাদের সঠিক ও ন্যায্য মূল্য দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।