মৃত্যুদণ্ড মাথায় নিয়েও ফেরার ঘোষণা! হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে মোদী সরকারের আসল পরিকল্পনা কী?

বাংলাদেশে ২০২৪ সালের জুলাইয়ের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের পর থেকেই ভারতে আশ্রিত রয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেটে গেছে প্রায় আড়াই বছর। এর মধ্যে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ঘোষণা দিয়েছেন—চল চলতি বছরের ডিসেম্বরেই তিনি দেশে ফিরবেন। নিজের এই ঘোষণায় তিনি এখনো অনড়, যদিও সুনির্দিষ্ট কোনো দিন-তারিখ প্রকাশ করেননি।

এদিকে, শেখ হাসিনার এই বিস্ফোরক প্রত্যাবর্তন ঘোষণা নিয়ে তাঁর ‘হোস্ট কান্ট্রি’ বা আশ্রয়দাতা দেশ হিসেবে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখনো মুখে কুলুপ এঁটেছে। পাশাপাশি, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দেওয়ার অনুরোধটিও গত প্রায় দু’বছর ধরে ঝুলিয়ে রেখেছে নয়াদিল্লি। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বারবার প্রশ্ন করা হলেও মুখপাত্রের এক কথাই—এটি সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়া এবং আইনি পথেই এর মীমাংসা হবে।

তবে লাখ টাকার প্রশ্ন হলো—শেখ হাসিনার এই সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে ভারত সরকার আদতে কী ভাবছে? এই ঘোষণার নেপথ্যে কি দিল্লির কোনো নীরব ভূমিকা রয়েছে? এই প্রত্যাবর্তনের পথ মসৃণ করতে কি পর্দার আড়ালে কোনো বিশেষ তৎপরতা চালাচ্ছে সাউথ ব্লক? বিবিসির দিল্লি প্রতিনিধি শুভজ্যোতি ঘোষের বিশ্লেষণ অনুযায়ী এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা হয়েছে।

শেখ হাসিনার ঘোষণার সঙ্গে দিল্লির যোগসূত্র কতটা?

বিশ্লেষকদের মতে, এর সোজা ও সহজ উত্তর হলো—ভারতের প্রচ্ছন্ন সম্মতি বা সবুজ সংকেত ছাড়া শেখ হাসিনা একা এমন ঘোষণা দেওয়ার ঝুঁকি নিতেন না।

অন্যভাবে বলতে গেলে, শেখ হাসিনা ও নয়াদিল্লি—উভয় পক্ষই একটি বিশেষ বোঝাপড়ায় পৌঁছেছেন বলেই এই প্রত্যাবর্তনের প্রসঙ্গটি প্রকাশ্যে এসেছে। পর্দার আড়ালে দুই পক্ষের এই যৌথ কৌশল বাংলাদেশের আগামী রাজনৈতিক সমীকরণকে কোন দিকে মোড় নেবে, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *