কালীপুজোর রাতে খাবার টেবিলে ডেকে নৃশংস খুন! বিজেপি কর্মী হত্যার ঘটনায় রাজ্যজুড়ে তোলপাড়, পরিবারকে ১০ লক্ষ ও চাকরির ঘোষণা

বুধবার গভীর রাতে কালীপুজোর বিসর্জনের আনন্দের মাঝেই খাস দুর্গাপুরে ঘটে গেল এক লোমহর্ষক হত্যাকাণ্ড। ফরিদপুর থানা এলাকার জব্বর পল্লিতে ভুরিভোজের আসরে ডেকে বাঁশ, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে নৃশংসভাবে খুন করা হলো শ্যাম কুমার দাস (৩৬) নামের এক বিজেপি কর্মীকে। এই মর্মান্তিক ঘটনার পরেই নিহতের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং তাঁর স্ত্রীকে রাজ্য সরকারের কোনো দপ্তরে অস্থায়ী চাকরি দেওয়ার বড় ঘোষণা করা হয়েছে।

ঠিক কী ঘটেছিল বুধবার রাতে?

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কালীপুজোর বিসর্জন অনুষ্ঠান শেষ হওয়ার পর ফরিদপুর থানার জব্বর পল্লিতে একটি খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, খাওয়া-দাওয়া চলাকালীনই নিহত বিজেপি কর্মী শ্যাম দাসের সঙ্গে অজয় ও বিজয় নন্দীর জমি সংক্রান্ত একটি পুরনো বিষয় নিয়ে তীব্র তর্কবিতর্ক শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীনই হঠাৎ করে শ্যাম কুমার দাসের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। তাঁকে বাঁশ, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর ও রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে অন্যতম প্রধান অভিযুক্ত বিজয় নন্দী এবং প্রসূন পাণ্ডেকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে তুলে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। তবে মূল অভিযুক্ত অজয় নন্দী-সহ বাকিরা এখনও পলাতক রয়েছে।

সিন্ডিকেট বিতর্ক ও রাজনৈতিক তরজা

এলাকায় গুঞ্জন রয়েছে, দুর্গাপুরের ফরিদপুর থানার বনসোল, জব্বর পল্লি, পাঠশাওড়া, ইছাপুর ও হেতেডোবা এলাকায় দীর্ঘদিন ধরেই সিন্ডিকেটের দাদাগিরি চলছে। বিজেপির ফরিদপুর ব্লকের ৩ নম্বর মণ্ডলের সভাপতি তারক ধীবর দাবি করেছেন, একসময় যে সমস্ত ব্যক্তি শ্যাম কুমার দাসকে ঘরছাড়া করেছিল, সেই জমি মাফিয়া বাপি সরকারই তাঁকে খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। কেন শ্যাম সেখানে গিয়েছিলেন, তা পুলিশ খতিয়ে দেখুক। তবে জমি মাফিয়া ও তার সাঙ্গপাঙ্গরাই যে এই ঘটনার নেপথ্যে রয়েছে, সে বিষয়ে স্পষ্ট আঙুল তুলেছেন তিনি।

এদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাঁকুড়া যাওয়ার পথে অন্ডাল বিমানবন্দরে দাঁড়িয়ে দলীয় বিধায়কদের নির্দেশ দিয়ে যান নিহত বিজেপি কর্মীর পরিবারকে অবিলম্বে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং তাঁর স্ত্রীকে রাজ্য সরকারি কোনো দপ্তরে অস্থায়ী কাজে নিযুক্ত করার জন্য। পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বিমানবন্দর চত্বরে এসে এই নির্দেশিকার কথা আনুষ্ঠানিকভাবে জানান। জমি কেনাবেচা থেকে শুরু করে বাড়িঘর ও পাঁচিল তৈরিতে এই সিন্ডিকেট রাজই তরতাজা এক যুবকের প্রাণ নিল কি না, এখন সেটাই খতিয়ে দেখছে ফরিদপুর থানার পুলিশ।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *