শেখ মুজিবকে বন্দি করে শুরু হয় গণহত্যা!” ১৯৭১-এর অগ্নিগর্ভ বাংলাদেশ নিয়ে সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় চাঞ্চল্যকর তথ্য

১৯৭১ সাল মানেই ভারত, বাংলাদেশ তথা সমগ্র দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক অগ্নিগর্ভ অধ্যায়। প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে গেলেও সেই রক্তক্ষয়ী সংগ্রাম ও দগদগে স্মৃতির ক্ষত আজও অমলিন। আর সেই ভয়াবহ দিনগুলির না বলা বহু অজানা গল্পই এবার উঠে এল সোনিয়া গান্ধীর কলমে। তাঁর বহুলচর্চিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love)-এর পাতায় উঠে এসেছে সেই উত্তাল সময়ের নিখুঁত ও শিউরে ওঠার মতো বিবরণ।

রাজীব গান্ধীর বিমান হাইজ্যাকের হুমকি ও পারিবারিক সংকট

১৯৭১ সালের জানুয়ারি মাসে কাশ্মীরি দুই জঙ্গি কর্তৃক ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাইয়ের ঘটনা দিয়ে বইয়ে সেই অস্থির সময়ের বিবরণ শুরু করেছেন সনিয়া গান্ধী। তিনি লিখেছেন, এই রাজনৈতিক সন্ত্রাসের আঁচ এসে পড়েছিল খোদ গান্ধী পরিবারের অন্দরেও। সেই সময় অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী সরাসরি সতর্ক করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। সনিয়ার কথায়, “গোয়েন্দারা শাশুড়িমাকে সতর্ক করেছিলেন যে, তাঁর পুত্র রাজীবের বিমানটিও ছিনতাই হতে পারে এবং তাঁকে বন্দি করে অত্যন্ত অযৌক্তিক দাবি জানানো হতে পারে—যা গোটা পরিস্থিতিকে আরও জটিল করে তুলত।” পরিবারের উপর এমন চরম বিপদের খাঁড়া ঝুললেও রাজনৈতিক সঙ্কটের মুখে দাঁড়িয়ে স্ত্রী হিসেবে সনিয়ার নিজের মনে যে চরম উদ্বেগ তৈরি হয়েছিল, তারও অকপট স্বীকারোক্তি রয়েছে এই বইয়ে।

অগ্নিগর্ভ বাংলাদেশ ও শেখ মুজিবুর রহমানের বন্দিদশা

স্মৃতিকথার পাতায় সত্তরের দশকের গোড়ার দিকের অগ্নিগর্ভ বাংলাদেশের জ্বলন্ত ছবি ফুটিয়ে তুলেছেন সনিয়া। ১৯৭০ সালের নির্বাচনে বিপুল জয় পেয়েও পূর্ব পাকিস্তানের নেতা শেখ মুজিবুর রহমান ও তাঁর দল আওয়ামী লিগকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখতে কীভাবে পশ্চিম পাকিস্তানি কর্তৃপক্ষ বাধা সৃষ্টি করেছিল, তার উল্লেখ রয়েছে। অবহেলিত ও শোষিত জনতার স্বাধীনতার দাবি ওঠার পরই কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ৪০ হাজার পশ্চিম পাকিস্তানি সৈন্যকে আকাশপথে পূর্ব পাকিস্তানে নামানো হয়।

শেখ মুজিবুর রহমানকে ঢাকা থেকে ধরে নিয়ে গিয়ে পশ্চিম পাকিস্তানে কারাবন্দি করার প্রসঙ্গ টেনে সনিয়া লিখেছেন— বাঙালি অধ্যুষিত ওই অঞ্চলে শুরু হয়েছিল ইতিহাসের অন্যতম বর্বরোচিত গণহত্যা। নারী, পুরুষ ও শিশুদের নির্বিচারে হত্যার পাশাপাশি অগ্নিসংযোগ, ধর্ষণ ও অমানবিক নির্যাতন চালানো হয়েছিল। সেই নরকীয় অত্যাচার থেকে বাঁচতে মাত্র কয়েক মাসের মধ্যে প্রায় এক কোটি শরণার্থী সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নেন। দিল্লির ঘরে বসে রাজীব গান্ধীর মুখেই ঢাকার শিক্ষার্থী ও বুদ্ধিজীবীদের উপর চলা সেই পৈশাচিক নির্যাতনের শিউরে ওঠার মতো গল্প শুনতেন বলে জানিয়েছেন সনিয়া। এমনকি রাষ্ট্রপতি ভবনের একটি ব্যক্তিগত প্রেক্ষাগৃহে সেই নৃশংসতার উপর তৈরি একটি তথ্যচিত্র প্রদর্শিত হওয়ার কথাও তিনি স্মরণ করেছেন।

ইন্দিরা গান্ধীর অটল মনোভাব ও বাংলাদেশের জন্ম

শরণার্থীদের সেই দুরবস্থার দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মানসিক পরিস্থিতির কথাও পুত্রবধূর কলমে উঠে এসেছে। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাকিস্তানি বিমানবাহিনী ভারতের বিমানঘাঁটিতে হামলা চালালে রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে যায়। সে সময় কলকাতায় থাকা ইন্দিরা গান্ধী দ্রুত দিল্লিতে ফিরে জরুরি বৈঠক ডাকেন এবং স্পষ্ট জানিয়ে দেন, এই বিমান হামলা ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধের ঘোষণা। এরপরই ভারতীয় সেনাকে পূর্ব পাকিস্তানে প্রবেশের ঐতিহাসিক নির্দেশ দেন তিনি।

রামলীলা ময়দানে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীর সেই অটল হুঙ্কার— “আমরা পিছু হটব না, এক কদমও পিছিয়ে যাব না”—সনিয়ার স্মৃতিকথায় নতুন করে জীবন্ত হয়ে উঠেছে। শেষ পর্যন্ত ভারতীয় সেনার পরাক্রম, পাক সেনার আত্মসমর্পণ, শেখ মুজিবের মুক্তি এবং একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আত্মপ্রকাশের সেই আবেগঘন মুহূর্তের নিখুঁত দলিল হয়ে উঠেছে সোনিয়া গান্ধীর এই নতুন আত্মজীবনী।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *