মৃত্যুঝুঁকি নিয়ে শতফুট উঁচুতে ফুটবল খেলা! ভিডিও দেখে শিউরে উঠলেন নেটিজেনরা

উচ্চতা কয়েকশ ফুট, পায়ের নিচে নেই কোনো সেফটি রেলিং—এমন চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দাঁড়িয়ে ফুটবল খেলায় মেতেছেন দুই যুবক। সামান্য ভারসাম্য হারালেই সোজা পতন মৃত্যু নিশ্চিত, এমন একটি রোমহর্ষক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে।
ভাইরাল হওয়া এই ক্লিপটিতে দেখা যায়, একটি সুউচ্চ অসমাপ্ত ভবনের একদম কিনারে দাঁড়িয়ে দুই যুবক বিপজ্জনক খেলায় লিপ্ত। তাদের একজনের পায়ে বা হাতে নেই কোনো সুরক্ষা সরঞ্জাম। মাথার ওপর খোলা আকাশ আর পায়ের নিচে বহুদূরে দেখা যাচ্ছে শহর ও ব্যস্ত হাইওয়ে। বিমের ওপর দাঁড়িয়ে বল পাস করার সময় তাদের সামান্য নড়াচড়াও যে কারো বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বিশেষ করে ক্যামেরা অ্যাঙ্গেলটি এমনভাবে সেট করা যে, দর্শকের মনে হবে তিনি নিজেই ওই বিপজ্জনক উচ্চতায় দাঁড়িয়ে রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, চরম সাহসিকতার এই ভিডিওটি সাধারণ কোনো যুবকের নয়। তুরস্কের দুই পরিচিত রুফটপ স্টান্টবাজ ইউনুস বাবायीগিত এবং এরকান চেলিক এই কাণ্ড ঘটিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরিচিতি রয়েছে এমন ঝুঁকিপূর্ণ স্টান্টের জন্যই। এর মধ্যে ইউনুসের ইনস্টাগ্রাম বায়োতে লেখা রয়েছে ‘ওয়ান আর্ম ড্যাংলার’, অর্থাৎ এক হাতে ঝুলে থাকার মতো মারাত্মক সব কাজই তার পরিচিতি।
গত ১১ নভেম্বর ইনস্টাগ্রামে পোস্ট করার পর থেকেই ভিডিওটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। এই দৃশ্য দেখে নেটিজেনরা স্পষ্টতই দুই ভাগে ভাগ হয়ে গেছেন। এক পক্ষ একে এআই প্রযুক্তির কারসাজি বলে দাবি করলেও, অন্য একটি বড় অংশের মতে ভিডিওটি পুরোপুরি বাস্তব এবং এই যুবকরা চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন। কেউ কেউ আবার পুরো ঘটনার মাঝেও রসিকতা করে মন্তব্য করেছেন, ‘গোলকিপার তো ঠিকমতো ডাইভই দিল না!’
ভিডিওটি ভাইরাল হলেও চরম নিরাপত্তার ঝুঁকি নিয়ে এমন বিপজ্জনক স্টান্টে মেতে ওঠাকে কোনোভাবেই সমর্থন করছেন না সচেতন মহল।