‘আমি কোন হরিদাস পাল!’ বিগ বসের ঘরে স্বামীর পাশে কেন গেলেন না মোহর? নীরবতা ভেঙে যা বললেন দুর্নিবার-পত্নী

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’-র অন্দরে উত্তাপ এখন তুঙ্গে। বাইরের পৃথিবীর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দীর্ঘ দু’মাস ধরে প্রতিযোগীদের লড়াই যেমন দর্শকদের নজর কাড়ছে, তেমনই ঘরের ভেতরের নানা সমীকরণ নিয়ে চর্চাও চলছে সমানে। সম্প্রতি শোয়ের অন্দরে আয়োজিত হয়েছিল বহুচর্ক্ষিত ‘ফ্যামিলি টাইম’। আর সেখানেই পরিবারের প্রিয়জনদের চোখের সামনে দেখতে পেয়ে আবেগঘন হয়ে পড়েন প্রতিযোগীরা। তবে সব কিছুকে ছাপিয়ে বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন গায়ক দুর্নিবার সাহা এবং তাঁর মা ডালিয়া সাহা।

মা-ছেলের আবেগঘন মুহূর্ত ও জল্পনা মঙ্গলবার রাতের সেই পর্বে দুর্নিবারের মা যখন ঘরে প্রবেশ করেন, তখন আবেগে ভাসেন গায়ক নিজেই। মায়ের সঙ্গে বসে দুর্নিবারের গান এবং কবিতার সেই অপূর্ব মেলবন্ধন দেখে চোখের জল ধরে রাখতে পারেননি ঘরের অন্য প্রতিযোগীরাও। সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভেসেছেন দুর্নিবারের মা।

তবে এই পর্বটি ঘিরেই নেটপাড়ার অন্দরে এক নতুন জল্পনার সূত্রপাত হয়। অনুরাগীদের অনেকেই আশা করেছিলেন, ফ্যামিলি ডে-তে দুর্নিবারের পাশে থাকতে হয়তো বিগ বসের ঘরে পা রাখবেন তাঁর স্ত্রী ঐন্দ্রিলা সেন ওরফে মোহর। কিন্তু তাঁকে দেখতে না পেয়ে নেটিজেনদের একাংশ নানা প্রশ্ন তুলতে শুরু করেন। আর সেই গুঞ্জনের মাঝেই এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোজা ব্যাটে জবাব দিলেন মোহর।

কী লিখলেন মোহর? সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তা পোস্ট করে মোহর স্পষ্ট ভাষায় লেখেন, “আমার খুব কাছের একজনের লেখা ধার নিয়ে বললাম— তোর সুখেতেই শান্তি আমার, কান্নাতে তোর ভাঙে বুক, আদর সাজাই, চোখে হারাই, দেখতে তোর হাসি মুখ। মা মা-ই হয়, আমি কোন হরিদাস পাল যে একজন মায়ের থেকে এতদিন পর সন্তানকে চোখে দেখার আনন্দ নিজের ভাগে নিয়ে নেব?”

উল্লেখ্য, ২০২৩ সালের ৯ মার্চ ধুমধাম করে আইনি ও সামাজিক রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুর্নিবার সাহা ও ঐন্দ্রিলা সেন। তাঁদের বিয়ে নিয়ে অতীতে কম জলঘোলা হয়নি। তবে সমস্ত বিতর্ককে পেছনে ফেলে আজ তাঁদের সংসার বেশ সুখের। আর বিগ বসের মঞ্চে শাশুড়ির প্রতি মোহরের এই সম্মান ও নিঃস্বার্থ ভালোবাসার বার্তা দেখে এখন নেটপাড়ার বাসিন্দারা কুর্নিশ জানাচ্ছেন তাঁর পরিপক্ব মানসিকতাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *