‘৪৯ দিন জেলে রেখে নির্মম অত্যাচার!’ প্রবীণ টিএমসি নেতার মৃত্যুর পরই বিস্ফোরক মমতা, কাঠগড়ায় বিজেপি

প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে, এই নেতার মৃত্যুর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা, ভয় দেখানো এবং লাগাতার নির্যাতনের মারাত্মক অভিযোগ তুলেছেন তিনি। বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (X) একটি দীর্ঘ ও আবেগঘন পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, জীবনের শেষ কয়েক মাসে উজ্জ্বল বিশ্বাসকে যে মানসিক ও শারীরিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তা রাজ্যে চলা রাজনৈতিক প্রতিহিংসারই এক ভয়াবহ চিত্র।

তৃণমূল নেত্রীর এক্স হ্যান্ডেল পোস্ট ও ব্যক্তিগত ক্ষতিউজ্জ্বল বিশ্বাসের প্রয়াণে শোক প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “উজ্জ্বল বিশ্বাসের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। জনজীবনে তিনি শুধুমাত্র একজন সহকর্মী ছিলেন না, দীর্ঘদিনের একটা নিবিড় সম্পর্ক ছিল আমাদের। প্রাক্তন মন্ত্রী, বিধায়ক এবং তৃণমূল পরিবারের একনিষ্ঠ সদস্য হিসেবে তিনি দলের জন্য এবং সর্বোপরি মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর অটুট আনুগত্য এবং নিঃস্বার্থ সেবা তাঁকে আমাদের পরিবারের একজন অমূল্য সদস্য করে তুলেছিল। তাঁর চলে যাওয়াটা আমার কাছে একটা চরম ব্যক্তিগত ক্ষতি, যা কখনও পূরণ হওয়ার নয়… তবে সবচেয়ে যন্ত্রণার বিষয় হল, জীবনের শেষ কয়েক মাসে তাঁকে যে চরম দুর্দশার মধ্যে দিয়ে যেতে বাধ্য করা হয়েছে।”

বিজেপিকে আক্রমণ করে তিনি আরও যোগ করেন, “তাঁর এই পরিণতি বাংলায় বিজেপির প্রতিহিংসা এবং ভয় দেখানোর রাজনীতির একটা ভয়ঙ্কর প্রমাণ। যখন রাজনৈতিক আনুগত্যের কারণে কাউকে টার্গেট করা হয়, মিথ্যা মামলা দিয়ে মানুষের মনোবল ভাঙার চেষ্টা হয়, আর যারা মাথা নত করতে রাজি হয় না তাদের ওপর নির্যাতন চলে, তখন গণতন্ত্রই আহত হয়… কোনও রাজনৈতিক লড়াই এমন নিষ্ঠুরতাকে মান্যতা দিতে পারে না। কোনও সরকারেরই অধিকার নেই রাষ্ট্রযন্ত্রকে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করার।”

মিথ্যা মামলা ও ৪৯ দিন জেলবন্দি থাকার অভিযোগদীর্ঘদিন অসুস্থ থাকার পর ৭২ বছর বয়সে প্রয়াত হন রাজ্যের এই প্রবীণ নেতা। মৃত্যুকালে তিনি দীর্ঘ তিন সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং শেষ কদিন তাঁকে ফুল ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসিয়ে উজ্জ্বল বিশ্বাসকে ৪৯ দিন জেলে বন্দি করে রাখা হয়েছিল। জীবনের শেষ দিনগুলোতে তাঁকে চরম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। প্রয়াত নেতার সঙ্গে নিজের শেষ কথোপকথনের স্মৃতিচারণ করে তৃণমূল সুপ্রিমো জানান, দল না ছাড়া এবং নিজের রাজনৈতিক আদর্শে অটুট থাকার জন্যই তাঁকে এই অপমান ও অত্যাচার সহ্য করতে হয়েছে বলে ওই নেতা তাঁকে জানিয়েছিলেন।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “কয়েক মাস আগে তাঁর ওপর নির্মম হামলা হয়। মিথ্যা মামলায় ফাঁসিয়ে ৪৯ দিন তাঁকে জেলে রাখা হয়েছিল। তাঁকে চরম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। আমার এখনও মনে আছে, তিনি যখন আমার সঙ্গে দেখা করতে এসে নিজের ওপর হওয়া এই অত্যাচার আর অপমানের কথা বলছিলেন। শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শ না ছাড়ার কারণে তাঁকে এসব সহ্য করতে হয়েছে। তাঁর কথার মধ্যে যে যন্ত্রণা ছিল, তা আমি কোনওদিন ভুলব না।” প্রবীণ নেতার এই প্রয়াণ ও তার জেরে রাজনৈতিক মহলে তরজা এখন তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *