ওভার পজেসিভনেস’-এর চরম পরিণতি! বাজি কিনে বাড়ি ফিরেই সঙ্গীকে গলা কেটে খুন? জট খুলল পুলিশের

গড়িয়ায় বহুতল ফ্ল্যাটে লিভ-ইন পার্টনারকে খুনের ঘটনায় এবার খোদ পুলিশের তরফ থেকে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। অতিরিক্ত সন্দেহবাতিক মন এবং ব্যক্তিগত বিষয়ে লাগাতার হস্তক্ষেপই যে এই নৃশংস হত্যাকাণ্ডের মূল কারণ, তা মঙ্গলবার স্পষ্ট করে দিল পুলিশ প্রশাসন। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়ার করা মন্তব্যের পরই এই রোমহর্ষক ঘটনার নেপথ্যে থাকা আসল রহস্য ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে।

কী কারণে ঘটেছিল এই মর্মান্তিক হত্যাকাণ্ড?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সার্থক সরকার এবং অভিযুক্ত সঞ্চালিকা বসুর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। পরিবারের লোক থেকে শুরু করে পাড়া-প্রতিবেশী—সবারই এই সম্পর্কের কথা জানা ছিল। ফরতাবাদের একটি ভাড়া ফ্ল্যাটে তারা একসঙ্গে লিভ-ইন করতেন। কিন্তু সম্পর্কে গোড়ায় গলদ ছিল অতিরিক্ত অধিকারবোধ (Over-protectiveness and Posessiveness) এবং অন্ধ সন্দেহ।

পুলিশের তদন্তে জানা গিয়েছে, সার্থক সোশ্যাল মিডিয়ায় অন্য কোনো মহিলার ছবিতে লাইক বা লাভ ইমোজি দিলেই চরম অশান্তি শুরু করত সঞ্চালিকা। শুধু তাই নয়, ফেসবুক বা ইনস্টাগ্রামে সার্থক কাকে ফলো করছে, তা নিয়ে জেরার অন্ত ছিল না। পালটা সার্থকও সঞ্চালিকার ওপর নজরদারি চালাত। এই ছোটখাটো বিষয় নিয়ে দুজনের মধ্যে প্রায় নিত্যদিনই ঝগড়াঝাঁটি লেগেই থাকত।

কালীপুজোর রাতের সেই অভিশপ্ত মুহূর্ত

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার দিন অর্থাৎ কালীপুজোর রাতে চম্পাহাটি থেকে ব্যাগ ভর্তি বাজি কিনে অত্যন্ত আনন্দের সঙ্গেই ফ্ল্যাটে ফিরেছিল ওই জুটি। কিন্তু বাড়ি ফেরার পরেই কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে তীব্র বচসা বেধে যায়। অভিযোগ, সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সার্থকের গলায় ধারালো অস্ত্র চালিয়ে দেয় সঞ্চালিকা। এমনকি রক্তাক্ত অবস্থায় সার্থক ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে থাকলেও তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার বিন্দুমাত্র চেষ্টা করেনি সে। পরবর্তীতে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

সোশ্যাল মিডিয়ার লাইক-কমেন্ট আর সাধারণ ভুল বোঝাবুঝি কীভাবে একটি সম্পর্কে সর্বনাশা রূপ নিতে পারে, গড়িয়ার এই ঘটনাই তার এক মর্মান্তিক দৃষ্টান্ত হয়ে রইল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *