বিষাক্ত জমিতে ফলছে মারণ বিষ! রাসায়নিক সার ছাড়তে খাস বাংলায় শুরু ঐতিহাসিক ‘খেত বাঁচাও অভিযান’

রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব থেকে কৃষিজমিকে রক্ষা করতে এবং মাটির স্বাভাবিক উর্বরতা ফিরিয়ে আনতে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের মেদিয়া এলাকায় আয়োজিত হলো বিশেষ ‘খেত বাঁচাও অভিযান’। মাটির স্বাস্থ্য ও মানবজীবন রক্ষায় আয়োজিত এই সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর এবং রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। এদিন মেদিয়া এলাকার বহু স্থানীয় কৃষক এই শিবিরে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

দেশজুড়ে চলছে ‘খেত বাঁচাও অভিযান’

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর জানান, গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, দেশের শীর্ষ কৃষি বিজ্ঞানী এবং বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে দেশজুড়ে ২২ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ‘খেত বাঁচাও অভিযান’ চলবে। সেই ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসেবেই বিহার ও ঝাড়খণ্ডের পর এবার পশ্চিমবঙ্গে এসেছেন তিনি।

কৃষকদের সতর্ক করে তিনি জোরালো ভাষায় বলেন, ‘‘জমি বিষাক্ত হয়ে পড়লে মানুষও কখনও সুস্থ থাকতে পারবে না। তাই রাসায়নিক সার ও ক্ষতিকর কীটনাশক বর্জন করে প্রাকৃতিক চাষপদ্ধতির ওপর জোর দেওয়া অত্যন্ত জরুরি।’’ মাটির স্বাস্থ্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে তিনি সকল কৃষক ও কৃষি আধিকারিকদের প্রাকৃতিক উপায়ে চাষ করার আহ্বান জানান।

সনাতন পদ্ধতিতে ফেরার ডাক রাজ্য কৃষিমন্ত্রীর

অন্যদিকে, প্রাকৃতিক চাষের গুরুত্বের পাশাপাশি কৃষিকাজে মহিলাদের ভূমিকার কথাও বিশেষভাবে তুলে ধরেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। তিনি বলেন, ‘‘কৃষকদের এখন থেকেই সচেতন না করা গেলে ভবিষ্যতে জমিও নষ্ট হবে এবং মানুষের প্রাণহানির ঝুঁকি বাড়বে। আগে যেভাবে রাসায়নিক ছাড়া প্রাকৃতিক পদ্ধতিতে চাষ হতো, সেই সনাতন ধারাতেই কৃষকদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’’

পাশাপাশি আন্তর্জাতিক মহিলা কৃষিবর্ষের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও যোগ করেন, ‘‘বাংলার মহিলারা এখন উল্লেখযোগ্যভাবে কৃষিকাজে এগিয়ে আসছেন এবং বাড়ির উঠোনেই পেঁপে, ঢ্যাঁড়শ বা শিমের মতো সবজি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ফলিয়ে নিজেদের পারিবারিক চাহিদা মেটাচ্ছেন।’’

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী স্পষ্ট জানান, অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার বন্ধ করে সকলকে ন্যাচারাল ফার্মিংয়ের দিকে ফিরিয়ে আনাই এই অভিযানের মূল লক্ষ্য, যাতে একাধারে জমিও বাঁচে এবং সাধারণ মানুষও সুরক্ষিত থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *