১৩ বছরের দাম্পত্যে ইতি! ‘ভালো বন্ধু হয়েই থাকব…’ স্ত্রী অ্যানার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা পবন কল্যাণের

অভিনয়জগৎ থেকে রাজনীতির ময়দান—বিতর্ক ও চর্চা বরাবরই তাঁর পিছু পিছু হেঁটেছে। এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শিরোনামে এলেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা জনপ্রিয় দক্ষিণী অভিনেতা পবন কল্যাণ। দীর্ঘ ১৩ বছরের বিবাহিত জীবনের সমাপ্তি টেনে স্ত্রী অ্যানা কোনিদেলার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি। সোমবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় একটি যৌথ বিবৃতির মাধ্যমে এই দাম্পত্য বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে আনা হয়েছে।
তবে বিয়ের সম্পর্কে ইতি টানলেও নিজেদের মধ্যে বন্ধুত্ব যে আগের মতোই বজায় থাকবে, সে কথা স্পষ্ট করেছেন দু’জনেই। সেই সঙ্গে সন্তানদের প্রতি অভিভাবক হিসেবে নিজেদের দায়িত্ব যৌথভাবে পালনের প্রতিশ্রুতিও দিয়েছেন এই দম্পতি।
‘সম্পর্কের সমাপ্তি হলেও অটুট থাকবে বন্ধুত্ব’
পবন কল্যাণের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যৌথ বিবৃতিটি প্রকাশ করা হয়। সেখানে লেখা হয়, “সম্পূর্ণ পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতেই আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই বিচ্ছেদের পরেও আমরা আজীবন ভালো বন্ধু হয়েই থাকব এবং সন্তানদের প্রতি নিবেদিত দায়িত্ব পালন করে যাব। তাদের ভবিষ্যৎ, সুখ ও নিরাপত্তাই আমাদের কাছে সব সময় অগ্রাধিকার পাবে।”
একই সঙ্গে এই কঠিন সময়ে তাঁদের ব্যক্তিগত পরিসরকে (Privacy) সম্মান জানাতে এবং কোনো ধরনের ভিত্তিহীন জল্পনা না ছড়াতে অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিনম্র আবেদন জানিয়েছেন পবন ও অ্যানা।
পবন কল্যাণের ৩ নম্বর বিয়েতেও ভাঙন!
উল্লেখ্য, পবন কল্যাণের ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় বিচ্ছেদ। এর আগে ১৯৯৭ সালে তিনি নন্দিনীকে বিয়ে করেছিলেন, যার সমাপ্তি ঘটে ১৯৯৯ সালে। পরবর্তীতে ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা। তাঁদের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১২ সালে রেণুর সঙ্গেও বিচ্ছেদ হয়ে যায় তাঁর।
এরপর ২০১৩ সালে রুশ নাগরিক অ্যানা কোনিদেলা ও পবন কল্যাণের বিয়ে হয়। এই দম্পতির দুই সন্তান—পোলেনা অঞ্জনা পবনোভা এবং মার্ক শঙ্কর পবনোভিচ। টানা ১৩ বছর একসঙ্গে সংসার করার পর সেই সম্পর্কেও আনুষ্ঠানিকভাবে দাঁড়ি পড়ল।
সুপারস্টার থেকে অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী
দক্ষিণী মেগাস্টার চিঞ্জীবী ও নগেন্দ্র বাবুর ছোট ভাই পবন কল্যাণের রুপোলি পর্দায় অভিষেক ঘটেছিল ১৯৯৬ সালে ‘আক্কাদা আম্মায়ি ইক্কাদা আব্বায়ি’ ছবির মাধ্যমে। এরপর দীর্ঘ সময় ধরে একের পর এক ব্লকবাস্টার সিনেমা দিয়ে দর্শকের মন জয় করেছেন তিনি।
রাজনীতিতে তাঁর অভিষেক ঘটে ২০০৮ সালে, তৎকালীন প্রজা রাজ্যম পার্টির যুব শাখার সভাপতি হিসেবে। পরবর্তীতে ২০১৪ সালে তিনি নিজের দল ‘জনসেনা পার্টি’ গঠন করেন। ২০১৯ সালের নির্বাচনে ধাক্কা খেলেও, ২০২৪ সালের অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি ও তেলুগু দেশম পার্টি (TDP)-র সঙ্গে জোট বেঁধে অবিশ্বাস্য সাফল্য অর্জন করে তাঁর দল। জনসেনা প্রতিদ্বন্দ্বিতা করা সমস্ত আসনেই জয়লাভ করে এবং ২০২৪ সালের ১৪ জুন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন পবন কল্যাণ।