বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে বড় ধাক্কা! এক নিমেষে বদলে গেল টিকিট কাটার নিয়ম, শেষ মুহূর্তেও মিলবে না সুযোগ?

হুট করে পরিকল্পনা বানিয়ে তৎকালে টিকিট কেটে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে (Vande Bharat Sleeper Express) চড়ে গন্তব্যে রওনা হওয়ার দিন শেষ! যাত্রী পরিষেবা ও প্রশাসনিক নিয়মে বড় ধরনের পরিবর্তন এনে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই প্রিমিয়াম দূরপাল্লার ট্রেনগুলিতে টিকিটের জন্য কোনো প্রকার তৎকাল কোটা রাখা হচ্ছে না। ফলে শেষ মুহূর্তের জরুরি যাত্রায় তৎকালের ভরসায় থাকার পথ পুরোপুরি বন্ধ হয়ে গেল সাধারণ যাত্রীদের জন্য।
বর্তমানে হাওড়া-কামাখ্যা (গুয়াহাটি), মুম্বই সিএসএমটি-এসএমভিটি বেঙ্গালুরু এবং বারাণসী-নতুন দিল্লি—এই তিন জোড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস দেশের একাধিক গুরুত্বপূর্ণ রুটে নিয়মিত চলাচল করছে। নর্থ সেন্ট্রাল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ড. শিবম শর্মা জানিয়েছেন, সার্বিক শৃঙ্খলা ও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনের প্রতিটি আসনই শুধুমাত্র নির্দিষ্ট অগ্রিম রিজার্ভেশন পিরিয়ড বা এআরপি (ARP) নিয়ম মেনে আগে থেকে বুকিং করা যাবে।
কনফার্ম টিকিট ছাড়া ওঠাই মানা
রেল সূত্রে আরও স্পষ্ট করা হয়েছে যে, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে সফর করতে হলে মানতে হবে কঠোর নিয়মাবলী। শুধুমাত্র কনফার্মড টিকিট থাকলেই ট্রেনের কামরায় পা রাখা যাবে। ওয়েটিং লিস্ট (WL) কিংবা আরএসি (RAC) টিকিট নিয়ে এই আধুনিক ট্রেনে চড়ার কোনো সুযোগ দেওয়া হবে না।
টিকিট বাতিলে মোটা অঙ্কের জরিমানা
শুধু বুকিং নয়, টিকিট বাতিলের (Cancellation) ক্ষেত্রেও আনা হয়েছে কড়াকড়ি নিয়ম।
-
ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা আগে: টিকিট বাতিল করলে মোট ভাড়ার ২৫ শতাংশ কেটে নেওয়া হবে।
-
৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে: বাতিল করলে কেটে নেওয়া হবে ভাড়ার ৫০ শতাংশ টাকা।
-
শেষ ৮ ঘণ্টার মধ্যে: এই সময়ে টিকিট ক্যানসেল করলে কোনো রিফান্ড (Refund) মিলবে না, কেটে নেওয়া হবে ভাড়ার সম্পূর্ণ ১০০ শতাংশ টাকাই।
উল্লেখযোগ্য বিষয় হলো, অত্যাধুনিক স্বাচ্ছন্দ্যে ভরা এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে মোট ৮২৩টি আসন রয়েছে। যার মধ্যে এসি থ্রি টিয়ারে ৬১১টি, এসি টু টিয়ারে ১৮৮টি এবং ফার্স্ট এসি ক্লাসে ২৪টি বার্থ বরাদ্দ রয়েছে। নতুন নিয়ম কার্যকর হওয়ায় এখন থেকে ভ্রমণের আগেভাগে টিকিট নিশ্চিত করাই হবে যাত্রীদের একমাত্র পথ।