নো পিইউসিসি, নো ফুয়েল!” দিল্লির আকাশে বিষ ঠেকাতে ২৪ ঘণ্টার হাই-টেক কমান্ড সেন্টার, কড়া বিধিনিষেধ জারি!

শীতের শুরুতেই দিল্লির বাতাস মারাত্মক বিষাক্ত হয়ে ওঠার আশঙ্কা তৈরি হতেই এবার যুদ্ধকালীন তৎপরতায় নামল দিল্লি প্রশাসন। বিষাক্ত ধোঁয়া ও ধুলোর মেঘ রুখতে সারা বছর ধরে কার্যকর করার মতো এক অভূতপূর্ব মেগা অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে। ২০২৬-২৭ সালের এই উইন্টার অ্যাকশন প্ল্যানে সবুজায়ন বাড়ানো, ‘দিল্লি রিজ’ রক্ষা এবং ধুলো নিয়ন্ত্রণ থেকে শুরু করে দূষণ ছড়ানো রোখার ক্ষেত্রে নজিরবিহীন কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাতাস পরিষ্কার করতে বসানো হলো ৭১ লাখ চারাগাছ

দিল্লির পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের মতে, দূষণ মোকাবিলার অন্যতম প্রধান হাতিয়ার শহরের সবুজায়ন। সেই লক্ষ্যেই গত এক বছরে রাজধানীতে প্রায় ৭১ লাখের বেশি চারাগাছ রোপণ করা হয়েছে। পাশাপাশি চিহ্নিত ৪৩৪ একর পতিত জমির মধ্যে ৪৩৩ একর জমিকেই সবুজে ভরিয়ে তোলা হয়েছে।

একইসঙ্গে দিল্লির ঐতিহাসিক ও প্রাকৃতিক সবুজ বলয় ‘দিল্লি রিজ’-কে সুরক্ষিত রাখতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। শহরের রাস্তায় ভাসমান বিষাক্ত ধুলো সামলাতে নামানো হয়েছে বিশেষ যান্ত্রিক সুইপার। নির্মাণকাজ চলা এলাকাগুলোতে নিয়মিত জল ছেটানো এবং ধুলো নিয়ন্ত্রণে কঠোর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) মানার নির্দেশ জারি করা হয়েছে।

দূষিত এলাকায় ২৪ ঘণ্টার হাই-টেক কমান্ড সেন্টার ও কড়া নিষেধাজ্ঞা

দূষণ ছড়ানোর উৎস রুখতে এবার সরাসরি প্রযুক্তির সাহায্য নিচ্ছে প্রশাসন। শহরের বেশি দূষিত ও অতি-সংবেদনশীল (Hotspot) এলাকাগুলিতে দিনরাত নজর রাখতে চালু হয়েছে একটি ২৪ ঘণ্টার কম্যান্ড সেন্টার।

উইন্টার অ্যাকশন প্ল্যান অনুযায়ী জারি করা প্রধান বিধিনিষেধগুলি:

  • নির্মাণকাজে বড় নিষেধাজ্ঞা: ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ধুলো ওড়ায় এমন সমস্ত বহিরঙ্গন নির্মাণ ও ভাঙার কাজে বিধিনিষেধ থাকবে। এছাড়া ১০ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে যেকোনো প্রকারের নির্মাণ ও ধ্বংসাত্মক কাজকর্ম সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

  • ‘নো PUCC, নো ফুয়েল’: বৈধ দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট বা PUCC না থাকলে পেট্রল পাম্পে কোনো গাড়িকে জ্বালানি দেওয়া হবে না।

  • বহিরাগত গাড়িতে কোপ: বিএস-৬ (BS-VI) মানের কম এবং দিল্লিতে নথিভুক্ত নয়, এমন যেকোনো দূরপাল্লার গাড়ি বা যান শহরে প্রবেশের ওপর কড়া নিষেধাজ্ঞা বহাল থাকছে।

  • ওয়ার্ক ফ্রম হোম: রাস্তায় ব্যক্তিগত গাড়ির অতিরিক্ত ভিড় ও নির্গমন কমাতে সংস্থাগুলিকে ৫০ শতাংশ কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ দেওয়ার সুপারিশ খতিয়ে দেখা হচ্ছে।

রাস্তা সাফাই ও আইআইটি দিল্লির রিয়েল-টাইম নজরদারি

রাস্তার ধুলো ও ছোট গলির আবর্জনা দ্রুত পরিষ্কার করতে সরকার ৩০টি ইলেকট্রিক মেকানিক্যাল রোড সুইপার অনুমোদন করেছে। তার সঙ্গে আইআইটি (IIT) দিল্লির প্রত্যক্ষ সহযোগিতায় রিয়েল-টাইম মনিটরিংয়ের মাধ্যমে দূষণের মূল কারণ ও ক্ষেত্রগুলি অনুসন্ধান করা হচ্ছে। দীর্ঘমেয়াদী পরিবেশবান্ধব পদক্ষেপ ও আইনের কড়া প্রযোগের মাধ্যমেই বিষাক্ত বায়ুদূষণকে পরাস্ত করতে একবুক আশা বাঁধছে রাজধানী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *