মণিপুরে থমকে গেল সেন্সাস ২০২৭! ২০২৭ সালের ৩০ এপ্রিল পর্যন্ত কেন স্থগিত জনগণনা? আদালতের বিরাট নির্দেশ!

উত্তর-পূর্বের সীমান্ত রাজ্য মণিপুরে লাগাতার জাতিগত হিংসা, অগ্নিকাণ্ড এবং হাজার হাজার মানুষের ঘরছাড়ার করুণ পরিস্থিতির প্রভাব পড়ল দেশের মেগা প্রশাসনিক প্রক্রিয়া অর্থাৎ জনসংখ্যা গণনার ওপর। রাজ্যে আসন্ন ‘সেন্সাস ২০২৭’ (Census 2027)-এর সমস্ত কাজ আগামী ২০২৭ সালের ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিল মণিপুর হাইকোর্ট। আদালতের নির্দেশানুযায়ী, রাজ্যে চলমান চরম অস্থিরতা ও বাস্তুচ্যুতির মতো পরিস্থিতি বিবেচনায় রেখে সমগ্র বিষয়টিকে নতুন করে খতিয়ে দেখার জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের কড়া নির্দেশ কেন্দ্র ও সেন্সাস কমিশনারকে

বিচারপতিদের নির্দেশ, ভারত সরকার এবং ভারতের রেজিস্টার জেনারেল ও সেন্সাস কমিশনারকে আবেদনকারীদের দেওয়া সমস্ত স্মারকলিপি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে এবং ২০২৭ সালের ৩০ এপ্রিলের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত ও উপযুক্ত নির্দেশিকা জারি করতে হবে।

পিটিশনে আবেদনকারীদের মূল বক্তব্য ছিল— যে রাজ্যে হিংসার আগুনে হাজার হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, অসংখ্য মানুষ ভিটেমাটি ছেড়ে ত্রাণ শিবিরে কিংবা অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, সেখানে নির্ভুল ও সঠিক জনসংখ্যা গণনা করা সম্পূর্ণ অসম্ভব। এছাড়া হিংসার জেরে ডেমোগ্রাফি বা জনসংখ্যার বিন্যাসে কী পরিবর্তন এসেছে এবং অনিয়ন্ত্রিত অনুপ্রবেশ ঘটেছে কি না, তা নিয়েও চরম উদ্বেগ প্রকাশ করা হয়।

আবেদনকারীদের প্রধান দাবি:

  • দুর্গম পাহাড়ি অঞ্চলগুলিতে নতুন করে সঠিক উপায়ে জনসংখ্যা গণনা।

  • সংসদীয় আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পূর্ণ করা।

  • সেন্সাস চালুর আগে রাজ্যে এনআরসি (NRC) বা জাতীয় নাগরিকপঞ্জি আপডেট করা।

  • অসংগঠিত নতুন গ্রাম গড়ে ওঠা এবং ‘বাংলাদেশি অভিবাসী’ অনুপ্রেবেশের অভিযোগের সঠিক তদন্ত।

পূর্বেই স্থগিত করা হয়েছিল ‘হাউজ-লিস্টিং’

প্রসঙ্গত, কেন্দ্র সরকার গত বছরের ৫ সেপ্টেম্বর একটি বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে মণিপুরে প্রথম দফার ‘হাউজ-লিস্টিং’ বা গৃহতালিকা তৈরির প্রক্রিয়াটি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছিল। দেশের অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পর্যায়ক্রমে জনগণনা শুরু করার নির্দেশ থাকলেও, মণিপুরের অস্থিতিশীল পরিস্থিতির কারণে রাজ্যটিকে ‘পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত’ ছাড় দেওয়া হয়েছিল।

রক্তক্ষয়ী হিংসার ভয়াবহ খতিয়ান

২০২৩ সালের ৩ মে থেকে মণিপুরে শুরু হওয়া মেইতেই ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যের জাতিগত সংঘাত আজ পর্যন্ত মেটেনি। মেইতেইদের তপশিলি উপজাতি (ST) মর্যাদার দাবির বিরুদ্ধে পাহাড়ি উপজাতি সংহতি মিছিলের পর যে আগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটেছিল, তার ফলে:

  • নিহত: সরকারি তথ্য অনুযায়ী এ পর্যন্ত অন্তত ৩০৬ জনের মৃত্যু হয়েছে এবং ৪৯ জন এখনও নিখোঁজ।

  • বাস্তুচ্যুত: প্রায় ৫৮ হাজারেরও বেশি মানুষ নিজের ঘরবাড়ি ছেড়ে ত্রানশিবিরে শরণার্থী হিসেবে জীবন কাটাচ্ছেন।

  • ক্ষতিগ্রস্ত বসতবাড়ি: প্রায় ৭,৯০০টি ঘরবাড়ি সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ২,৬০০-রও বেশি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই করুণ বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে নির্ভুল জনগণনা প্রায় অসম্ভব বলেই মনে করছেন আইনি ও রাজনৈতিক বিশেষজ্ঞরা। আদালত এখন এই বিষয়ে কেন্দ্রের পরবর্তী পদক্ষেপ এবং নতুন নির্দেশিকার অপেক্ষায় রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *