‘আমরা ক্ষমতায় এলেই রেশন ব্যবস্থায় দেব সর্ষের তেল!’ অযোধ্যার ঘটনায় কেন বিজেপিকে বেনজির তোপ দাগলেন অখিলেশ?

উত্তরপ্রদেশের অযোধ্যায় আয়োজিত ‘নারী বন্দন’ কর্মসূচিতে হওয়া বিশৃঙ্খলা ও লাঠিচার্জের ঘটনাকে কেন্দ্র করে শাসকদল ভারতীয় জনতা পার্টিকে (BJP) তীব্র ভাষায় আক্রমণ করলেন সমাজবাদী পার্টি প্রধান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেওয়া এক দীর্ঘ বার্তায় তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার নারীর সম্মান নয়, বরং প্রতিনিয়ত অবমাননাই করে চলেছে।

অযোধ্যার ঘটনার কড়া সমালোচনা করে অখিলেশ যাদব বলেন, “বিজেপি কর্মীরা অযোধ্যায় তথাকথিত নারী বন্দনের যে হিংসাত্মক ও লজ্জাজনক দৃশ্য তৈরি করেছে, তা কোনোভাবেই বন্দনীয় নয়, বরং চরম নিন্দনীয়। মহিলা কমিশনের উচিত অবিলম্বে এই বিষয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়া এবং ওই বিজেপি কর্মী ও আয়োজকদের বিরুদ্ধে কঠোর আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা।”

‘আমাদের সরকার এলে রেশনে দেওয়া হবে সর্ষের তেল’
বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অখিলেশ এক রাজনৈতিক প্রতিশ্রুতিও দেন। তিনি লেখেন, “আর মাত্র কয়েক মাস! আমরা আমাদের পিডিএ (PDA) সরকার গঠন করব এবং রেশন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষকে বিনামূল্যে সর্ষের তেল দেওয়ার কাজ করব, যাতে কোনো শোষিত, বঞ্চিত বা দরিদ্র মানুষকে এই বিজেপি নেতাদের থেকে বেতের বাড়ি খেয়ে অপমান সহ্য করতে না হয়। বিজেপির নিপীড়নে পীড়িত, দুঃখী ও অপমানিত মানুষ এবার বিজেপিকে চিরতরে রাজ্য থেকে নিশ্চিহ্ন করে দেবে।”

‘লখনউ অগ্নিকাণ্ড ও মাতৃহৃদয়ের অভিশাপ’
লখনউয়ের সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার উল্লেখ করে অখিলেশ যাদব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধেও তোপ দাগেন। অখিলেশ বলেন, “বিজেপি নেতারা নারীর সম্মান করেন না, অপমান করেন। লখনউ অগ্নিকাণ্ডে নিহত তরুণের দুঃখী মায়ের স প্রকাশ্যে যে অপমান করা হয়েছে, তা দেশের কোনো নারী ভুলবেন না। মাতৃশক্তির অভিশাপ কখনো বিফলে যায় না। এরা হারবে এবং চরমভাবেই হারবে।”

তিনি আরও যোগ করেন, “২০২৪ সালের লোকসভা নির্বাচন হোক বা সম্প্রতি অনুষ্ঠিত ২০২৬ সালের বিধান পরিষদ নির্বাচন—দুটোতেই বিজেপির পরাজয় প্রমাণ করে দিয়েছে যে সাধারণ মানুষের কাছে এদের জুমলার বেলুন ফেটে গেছে। বিজেপি এখন তেলের মসৃণ ঢাল বেয়ে নিচের দিকে পিছলে পড়ছে।”

‘পরের নির্বাচন হবে নারী-যুব বনাম বিজেপি’
জনগণের ক্ষোভের কথা মনে করিয়ে দিয়ে সমাজবাদী পার্টির সুপ্রিমো দাবি করেন, “সাধারণ মানুষ এখন বিজেপিকে চিরতরে হারানোর মুডে রয়েছে। সেই কারণেই বিজেপি যুক্ত প্রতিটি রাজনৈতিক ব্যক্তিত্ব হয় জনরোষের ভয়ে রাজনীতি ছেড়ে দিচ্ছেন, না হয় অন্য রাজনৈতিক দলগুলিতে হাত জোর করে নিজেদের বিকল্প জায়গা খুঁজছেন।”

একই সঙ্গে আগামী নির্বাচনের মূল সুর সেট করে অখিলেশ ঘোষণা করেন, “আসন্ন নির্বাচন হতে চলেছে দেশের নারী ও যুবসমাজ বনাম বিজেপি!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *