পুলিশ অফিসারকে পিষে মারার চরম সাজা! আমেদাবাদে রহস্যজনক পরিণতি দুর্ধর্ষ মদ মাফিয়ার!

ইন্দোর-বেতুল জাতীয় সড়কে দেওয়াস জেলার খাতেগাঁও থানার দায়িত্বপ্রাপ্ত টিআই (থানা ইনচার্জ) দিলীপ পুরী গোস্বামীকে ট্রাকে পিষে মারার ঘটনায় প্রধান অভিযুক্ত মদ মাফিয়া মোহিন জয়সওয়ালের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার আমেদাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুট করেই ব্রেন স্ট্রোক হওয়ার পর তাকে সেখানে ভর্তি করা হয়েছিল। দিলীপ পুরী হত্যাকাণ্ড এবং বেআইনি মদের কারবারের তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT) তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল। মোহিনের মৃত্যুর খবর পেতেই এসআইটি-র একটি টিম তড়িঘড়ি হাসপাতালে পৌঁছে সমস্ত নথিপত্র ও পরিস্থিতি খতিয়ে দেখেছে।

১ নভেম্বরের সেই অভিশপ্ত রাত
ঘটনার সূত্রপাত গত ১ নভেম্বর রাতে। খাতেগাঁও থানা এলাকার ইন্দোর-বেতুল হাইওয়েতে তল্লাশি চালানোর সময় একটি বেআইনি মদবোঝাই মিনি ট্রাককে থামানোর চেষ্টা করেছিলেন টিআই দিলীপ পুরী গোস্বামী। কিন্তু পুলিশের হাত থেকে বাঁচতে মদ মাফিয়ার নির্দেশে চালক সোজা গাড়ি চালিয়ে টিআই-কে পিষে দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কিছু দূর গিয়ে ঘাতক ট্রাকটি ফেলে চম্পট দেয় অপরাধীরা। এই ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে গেলে দুষ্কৃতীদের ধরতে এবং ঘটনার তদন্তে তড়িঘড়ি গঠন করা হয় বিশেষ তদন্তকারী দল বা এসআইটি।

দু’দিন ধরে অসুস্থ ছিল অভিযুক্ত মদ মাফিয়া
কন্নোদ-এর এসডিওপি তথা এসআইটি দলের সদস্য আদিত্য তিওয়ারি জানান, অভিযুক্ত মদ মাফিয়া মোহিন জয়সওয়াল গত দু’দিন ধরে গুরুতর অসুস্থ ছিল। এসআইটি-র নজরদারি টিম আমেদাবাদে তার গতিবিধির ওপর কড়া নজর রাখছিল। এই পরিস্থিতির মাঝেই রবিবার আচমকা তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এসআইটি এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

এনকাউন্টারে পায়ে গুলি খেয়ে ধরা পড়েছিল চালক
এর আগেই এসআইটি এই মামলার ঘাতক ট্রাক চালক গজেন্দ্র ওরফে আক্কু এবং তার সহযোগী ধীরজকে গ্রেফতার করেছে। গ্রেফতারির সময় দুজনেই পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সেই সময় পুলিশ তাদের পায়ে গুলি চালিয়ে ধরে ফেলে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই বেআইনি মদের ব্যবসার ৩০ শতাংশের অংশীদার তথা মূল চক্রান্তকারী হিসেবে মোহিন জয়সওয়ালের নাম সামনে এসেছিল। প্রধান অভিযুক্তের এই হঠাৎ মৃত্যুতে পুরো মামলাটিতে এক চাঞ্চল্যকর মোড় এল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *