উৎসবের মুখেই উত্তরবঙ্গগামী কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ আগুন! শিউরে ওঠা দৃশ্যে ধোঁয়ায় ঢাকল আকাশ

উৎসবের মরশুমে নিউ জলপাইগুড়িগামী (NJP) কর্মভূমি এক্সপ্রেসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। যাত্রীতে কানায় কানায় ভর্তি চলন্ত ট্রেনের ভেতরে আচমকাই আগুন লেগে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আগুনের লেলিহান শিখা ও বিষাক্ত ধোঁয়ায় মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ট্রেনের চারটি কামরা। ট্রেন জুড়ে শুরু হয় যাত্রীদের প্রাণ বাঁচানোর চরম আকুতি ও হুড়োহুড়ি।

স্থানীয় ও রেল সূত্রে জানা গিয়েছে, অমৃতসর থেকে নিউ জলপাইগুড়ি আসার পথে শুক্রবার দুপুরে পাটিয়ালার কাছাকাছি সরাই বাঞ্জারা গ্রামের ওপর দিয়ে যাওয়ার সময় কর্মভূমি এক্সপ্রেসের একটি কামরা থেকে প্রথম ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন সংলগ্ন আরও তিনটি কামরায় ছড়িয়ে পড়ে এবং দাউদাউ করে জ্বলতে শুরু করে। ছট পূজা ও উৎসবের মরশুমের কারণে দূরপাল্লার এই ট্রেনটিতে উত্তরবঙ্গ ও সংলগ্ন এলাকার অসংখ্য যাত্রী ছিলেন।

কামরার ভেতরে আগুন ও ধোঁয়া দেখতে পেয়েই আতঙ্কে চিত্কার করতে থাকেন যাত্রীরা। অনেকে প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকেই লাইন ও পাশের জমিতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। চালক দ্রুত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ট্রেনটি থামিয়ে দিলে যাত্রীরা দরজা ও জানালা দিয়ে হুড়মুড় করে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন এবং রেলের উদ্ধারকারী দল।

প্রাথমিকভাবে ৪টি কামরা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেও সময়মতো ট্রেন থামানোর কারণে আপাতত বড়সড় প্রাণহানির বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *