এ বার রাজ্য সরকারি কর্মীদের জন্য অ্যাডভান্স মাইনে, বিরাট ঘোষণা নবান্নের

আর্থিক সংকটে জর্জরিত রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এল নবান্ন। হঠাৎ করে চিকিৎসা, পারিবারিক দায়িত্ব কিংবা পড়াশোনার মতো জরুরি আর্থিক প্রয়োজনে এবার থেকে অগ্রিম বা অ্যাডভান্স স্যালারি পাওয়ার দারুণ সুযোগ করে দিল পশ্চিমবঙ্গ সরকার। সরকারি কর্মীদের আর্থিক স্থায়িত্ব নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে ‘West Bengal Salary Advance Scheme’।

মঙ্গলবার এই মর্মে অর্থ দফতরের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অর্থ দফতরের ই-গভর্ন্যান্স গ্রুপের তত্ত্বাবধানে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে এই পুরো প্রক্রিয়াটি।

দুই ধরনের অ্যাডভান্সের বন্দোবস্ত

এই নতুন প্রকল্পের আওতায় কর্মীরা তাঁদের প্রয়োজন অনুযায়ী দুই ধরনের অগ্রিম সুবিধা নিতে পারবেন:

  • ১. স্বল্পমেয়াদি অগ্রিম (Short-Term Advance): এই ব্যবস্থায় কোনও সরকারি কর্মী তাঁর অনুমোদিত নেট বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অ্যাডভান্স পেতে পারেন। সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে কিংবা পরবর্তী বেতন থেকে এই টাকা কেটে নেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করলে কোনও সুদ বা অতিরিক্ত চার্জ দিতে হবে না। এর জন্য কোনও প্রসেসিং ফি, প্ল্যাটফর্ম ফি কিংবা সাবস্ক্রিপশন ফিও নেওয়া হবে না।

  • ২. দীর্ঘমেয়াদি অগ্রিম (Multi-Month Advance): বড় খরচের জন্য ২ মাস থেকে শুরু করে সর্বোচ্চ ৬০ মাস পর্যন্ত কিস্তিতে টাকা মেটানোর সুযোগ মিলবে। তবে কর্মীর অবসরের তারিখের পরে ঋণের মেয়াদ বাড়ানো যাবে না। এই ক্ষেত্রে বার্ষিক সুদের হার এবং অন্যান্য চার্জ মিলিয়ে APR সর্বোচ্চ ২৬ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। সবচেয়ে বড় কথা, মেয়াদ শেষ হওয়ার আগে লোন শোধ করতে চাইলে কোনও প্রি-পেমেন্ট চার্জ (Pre-payment Charge) লাগবে না।

একনজরে গুরুত্বপূর্ণ নিয়মাবলি

  • একক লোন নীতি: একসঙ্গে একাধিক অ্যাডভান্স নেওয়ার সুযোগ নেই। একটি ঋণ সম্পূর্ণ শোধ করার পরেই অন্যটির জন্য আবেদন করা যাবে।

  • ডিজিটাল পদ্ধতিতে কিস্তি কাটা: কর্মীর ডিজিটাল সম্মতির ভিত্তিতে সরাসরি বেতন থেকে কিস্তির টাকা কেটে নেওয়ার ব্যবস্থা থাকবে। WBIFMS এবং HRMS ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবে পরিষেবা প্রদানকারী সংস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম।

  • টু-হুইলার লোনের সীমা বৃদ্ধি: শুধু স্যালারি অ্যাডভান্স নয়, এর পাশাপাশি মোটরবাইক, স্কুটার, মোপেড এবং ইলেকট্রিক টু-হুইলার কেনার জন্য অগ্রিম ঋণের পরিমাণও বাড়াল রাজ্য সরকার। এখন থেকে এই খাতে সর্বোচ্চ ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম পাওয়া যাবে।

জরুরি পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে প্রশাসনিক মহলে অত্যন্ত দূরদর্শী পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *