দীপাবলিতে চমকে দিন সবাইকে! মাস্টারশেফ কুণাল কাপুরের সিক্রেট রেসিপিতে বানান মুখরোচক ড্রাই ফ্রুট লাড্ডু!

দীপাবলি মানেই আলো, আনন্দ আর হরেক রকমের মিষ্টির উৎসব। বাজারচলতি মিষ্টির বদলে উৎসবের এই বিশেষ দিনে পরিবারের সবাইকে নিজের হাতে কিছু বানিয়ে খাওয়াতে চাইলে ট্রাই করতে পারেন দারুণ সুস্বাদু এই ড্রাই ফ্রুট লাড্ডু। প্রখ্যাত শেফ এবং মাস্টারশেফ ইন্ডিয়ার বিচারক কুণাল কাপুর সম্প্রতি শেয়ার করেছেন এই সুস্বাদু ও পুষ্টিকর লাড্ডুর রেসিপি। বাদাম, বীজ, আটা আর সুগন্ধি মশলার গুণে ভরপুর এই লাড্ডু বানাতে সময় লাগবে মোটে ৫০ মিনিট।
প্রয়োজনীয় উপকরণ:
ড্রাই ফ্রুটস ও বাদামের জন্য:
-
ঘি – ৫ টেবিল চামচ
-
গঁদ – ১/২ কাপ
-
আমন্ড (কাঠবাদাম) – ১/২ কাপ
-
কাজু – ১/২ কাপ
-
চিনাবাদাম – ১/৪ কাপ
-
কুমড়ো বা খরমুজের বীজ – ৪ টেবিল চামচ
-
খসখস বা পোস্ত – ৩ টেবিল চামচ
-
তিল – ১/৪ কাপ
লাড্ডুর মূল মিশ্রণের জন্য:
-
ঘি – ১/২ কাপ
-
বেসন – ৩ টেবিল চামচ
-
আটা – ২ কাপ
-
বড় এলাচের দানা – ১ চা চামচ
-
এলাচ গুঁড়ো – ১ চা চামচ
-
আদা গুঁড়ো (ঐচ্ছিক) – ২ চা চামচ
-
চিনি (গুঁড়ো বা মিহি দানা) – ১ কাপ
বানানোর সহজ পদ্ধতি:
ধাপ ১: ড্রাই ফ্রুটস ও বাদাম ভাজার পর্ব
-
প্রথমে প্যানে ঘি গরম করে তাতে গঁদ দিন। মাঝারি আঁচে গঁদগুলো ফুলে ওঠা পর্যন্ত ভেজে তুলে নিন এবং অতিরিক্ত ঘি ঝরিয়ে আধভাঙা করে গুঁড়ো করে রাখুন।
-
এবার ওই প্যানেই আমন্ড ও কাজু হালকা ভেজে প্লেটে তুলে নিন এবং ব্লেন্ডারে দিয়ে একটু ভেঙে গুঁড়ো করে নিন।
-
একইভাবে প্যানে চিনাবাদাম ও কুমড়োর বীজ হালকা বাদামি করে ভেজে বাদামগুলির সঙ্গে মিশিয়ে রাখুন।
-
প্যানে আরও একটু ঘি দিয়ে খসখস ও তিল হালকা ভেজে সব বাদামের মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিন। এবার সমস্ত ভাজা বাদাম ও বীজ মিক্সারে হালকা করে গুঁড়ো করে নিন (একদম মিহি পাউডার করবেন না)। গঁদটি কিন্তু মিক্সারে দেবেন না, সেটি আলাদা রাখুন।
ধাপ ২: লাড্ডুর মিশ্রণ তৈরি ও পাকানোর কৌশল
-
মাঝারি আঁচে প্যানে আধ কাপ ঘি গরম করে তাতে বেসন দিন ১ মিনিট নাড়ুন। এরপর আটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন এবং সোনালি বাদামি ও সুগন্ধ ওঠা পর্যন্ত ভাজতে থাকুন।
-
এবার আগে থেকে গুঁড়ো করে রাখা বাদাম-বীজের মিশ্রণে এই ভাজা আটার মিশ্রণ এবং গঁদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি হালকা ঠান্ডা হতে দিন।
-
এরপর এতে বড় এলাচের দানা, এলাচ গুঁড়ো, আদা গুঁড়ো এবং মিহি চিনি ছড়িয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিন।
-
হাতের তালুতে কিছুটা মিশ্রণ নিয়ে চেপে গোল গোল লাড্ডুর আকার দিন। মিশ্রণ বড্ড শুকনো ঠেকলে সামান্য গলানো ঘি মিশিয়ে নিতে পারেন।
সমস্ত লাড্ডু তৈরি হয়ে গেলে কিছুক্ষণ সেট হওয়ার জন্য রেখে দিন। ব্যাস, দীপাবলির আনন্দে মেতে ওঠার আগে আপনার হাতের জাদুতে তৈরি সুস্বাদু ড্রাই ফ্রুট লাড্ডু একদম প্রস্তুত!