হাসতে হাসতে বেরিয়েই শেষ গোটা পরিবার! লখিমপুর খেরিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মা ও ২ বছরের শিশুসহ মৃত ৩

একই বাইকে চেপে হাসিমুখে চারজনের পথচলা, কিন্তু সেই আনন্দঘন মুহূর্তই যে এমন বিভীষিকাময় পরিণতিতে রূপ নেবে, তা হয়তো পরিবারটির কল্পনাতেও ছিল না। দ্রুতগামী ট্রাকের ধাক্কায় চোখের পলকে প্রাণ হারালেন এক পরিবারের তিন সদস্য। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গৃহকর্তা। উৎসবের আবহে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরণফাঁদ শিবালা ক্রসিং

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার মিতাউলি শহর সংলগ্ন এলাকাটিতে। স্থানীয় পুলিশ জানিয়েছে, মিতাউলি শহরের ব্যস্ত শিবালা ক্রসিংয়ে আচমকাই একটি দ্রুতগতির বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাইকটিকে সরাসরি মুখোমুখি ধাক্কা মারে। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে বাইকটি দুমড়ে-মুচড়ে রাস্তার ওপর ছিটকে পড়ে।

দু’বছরের শিশুর মর্মান্তিক পরিণতি

দুর্ঘটনাস্থলেই রক্তাত্ব অবস্থায় লুটিয়ে পড়েন বাইকের চার আরোহী। ঘটনাস্থলেই প্রাণ হারান দুই বছরের এক পুচকে শিশু, তার মা এবং সঙ্গে থাকা তাঁদের এক নিকটাত্মীয়।

অন্যদিকে, বাইকচালক অর্থাৎ মৃত নারীর স্বামী গুরুতর আহত হন। তাঁর মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। তড়িঘড়ি আহত ব্যক্তিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি আপাতত চিকিৎসাধীন।

উৎসবের এই আবহে একই পরিবারের তিনজনের এমন মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। পথসুরক্ষা ও ট্রাফিক নিয়ম না মেনে একই বাইকে চারজন যাত্রার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, এই দুর্ঘটনা যেন ফের একবার সেই কঠোর সতর্কবার্তা দিয়ে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *