কাশি আর বুকে ব্যথা নিয়ে তড়িঘড়ি ক্লিনিকে ভরতি শরদ পাওয়ার! শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন সুপ্রিয়া সুলে

কাশি এবং বুকে ব্যথার উপসর্গ নিয়ে পুণের রুবি হল ক্লিনিকে ভর্তি হলেন প্রবীণ রাজনীতিবিদ তথা এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar)। সোমবার ৮৫ বছর বয়সী এই বর্ষীয়ান নেতাকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই খবর চাউর হতেই রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়ে তীব্র উদ্বেগ। তবে প্রবীণ এই নেতার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে বলে আশ্বস্ত করেছেন তাঁর কন্যা তথা বারামতীর লোকসভা সাংসদ সুপ্রিয়া সুলে।
‘চিন্তার কিছু নেই’, বার্তা সুপ্রিয়ার
বাবার শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য দিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (সাবেক টুইটার) এনসিপি-র কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলে লেখেন:
“কাশির সমস্যার কারণে বাবাকে পুণের রুবি হল ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা চলছে। বর্তমানে তাঁর শারীরিক সব মাপকাঠিই স্বাভাবিক এবং অত্যন্ত স্থিতিশীল রয়েছে।”
চিকিৎসকদের পর্যবেক্ষণে এনসিপি সুপ্রিমো
রুবি হল ক্লিনিকের মুখ্য হৃদরোগ বিশেষজ্ঞ তথা চেয়ারম্যান ও ম্যানেজিং ট্রাস্টি ডঃ পারভেজ কে গ্রান্ট জানিয়েছেন, শরদ পাওয়ারকে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাঁর বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বর্ষীয়ান এই রাজনীতিকের অসুস্থতা দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে এবং তিনি সুস্থ হয়ে উঠবেন।
চিকিৎসকদের মতে, ফুসফুসে সংক্রমণ বা অন্যান্য সমস্যার কারণে বুক জুড়ে যে ব্যথার অনুভূতি হয়, তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘প্লুরিটিক পেন’ (Pleuritic Pain) বলা হয়ে থাকে। সাধারণত শ্বাস-প্রশ্বাসের সময়, হাঁচি-কাশি কিংবা হাসার সময়ে এই ধরনের ব্যথা বৃদ্ধি পায়।
ভ্রমণের ধকল নাকি অন্য কিছু?
অন্যদিকে, এনসিপি-র প্রবীণ নেতা অঙ্কুশ কাকড়ে জানিয়েছেন যে এটি মূলত একটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা (Routine Health Checkup)। তিনি জানান, শরদ পাওয়ার সম্প্রতি দু’দিনের টানা সফরে রাজ্যের খরাগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। সেই একটানা ভ্রমণের ক্লান্তি ও শারীরিক ধকলের কারণেই এই স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা শেষ হলে চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তীতে কতদিন বিশ্রামে থাকতে হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।