‘ওর কবাডা করে দিলে!’ ১৫ বছরের বৈভবকে নিয়ে গম্ভীরদের চরম ক্লাসে তুলধোনা করলেন শ্রীকান্ত

১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে সুযোগ না দেওয়া নিয়ে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে গর্জে উঠলেন প্রাক্তন অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সিরিজ আগে থেকেই পকেটে থাকা সত্ত্বেও একাদশে বৈভব সূর্যবংশীকে সুযোগ না দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শ্রীকান্ত। শেষ ম্যাচে বোলিং বিভাগে কিছু রোটেশন বা পরিবর্তন করা হলেও ব্যাটিং অর্ডারে কোনো বদল আনেনি ভারতীয় দল। ফলে আবার বেঞ্চেই বসে থাকতে হয় এই তরুণ ওপেনারকে। এর আগে ঈশান কিষাণ চোট পাওয়ার কারণে সিরিজে দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন বৈভব। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে বসিয়ে রাখার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারছেন না শ্রীকান্ত। তাঁর মতে, ১৫ বছরের এই প্রতিভাবান ক্রিকেটারকে আন্তর্জাতিক এক্সপোজার বা অভিজ্ঞতা দেওয়ার একটি বড় সুযোগ হাতছাড়া করল ভারত। একইসঙ্গে শ্রীকান্ত সতর্ক করে দিয়ে বলেন, দলে বৈভবের ভূমিকা নিয়ে পরিষ্কার ধারণা না দিলে এই তরুণ ক্রিকেটারের আত্মবিশ্বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

‘স্পষ্টতা দাও, নাহলে কবাডা হয়ে যাবে’

নিজের ইউটিউব চ্যানেলে টিম ম্যানেজমেন্টের তীব্র সমালোচনা করে কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলেন, “বৈভব সূর্যবংশীকে ঠিকঠাক সুযোগ দাও। দলের তিনজন ওপেনারকেই স্পষ্ট ধারণা দাও। ওদের বলে দাও— একজন ৩টি ম্যাচ খেলবে এবং অন্যজন বাকি ২টি ম্যাচ পাবে। কিন্তু তা না করে, তোমরা বৈভব সূর্যবংশীকে সোজা বেঞ্চে বসিয়ে রেখেছ।”

উল্লেখ্য, পর পর দুটি আইপিএল মরসুমে দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করেই ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছিলেন বৈভব। গত বছর টুর্নামেন্টে ঝড় তোলার পর, এ বছরও তিনি ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ সংগ্রাহক। মাত্র ১৫ বছর বয়সেই বিশ্বের সেরা সব বোলিং অ্যাটাকের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি ৭৭৬ রান সংগ্রহ করেন। তাঁর এই বিধ্বংসী পারফরম্যান্সকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া নির্বাচকদের পক্ষে সম্ভব ছিল না।

আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরেও মেলেনি সুযোগ

আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়াটা বৈভবের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। এর আগে ইউনাইটেড কিংডম (UK) সফরে ভারতীয় দলের সাথে ট্রাভেল করলেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচেও বৈভবকে প্রথম একাদশে রাখা হয়নি। সেখানে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মাকে দিয়ে ওপেন করানো হয়েছিল।

শ্রীকান্ত মনে করেন, ওই ধরনের ম্যাচগুলোতে বৈভবকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করানোর সেরা সময় ছিল। ক্ষোভের সাথে তিনি যোগ করেন, “বৈভবের কোথায় খেলা উচিত ছিল? আদর্শভাবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওই দুটি ম্যাচে। কিন্তু তোমরা ওর সব সুযোগ নষ্ট করে দিলে (কবাডা করে দিলে)। এমনকি ওয়েস্ট ইন্ডিজের মতো দুর্বল বোলিং অ্যাটাকের বিরুদ্ধেও তোমরা বৈভবকে একটা ম্যাচও খেলালে না।”

এবার ওয়ানডে দলেও বৈভবের দাবি!

শুধু টি-টোয়েন্টি নয়, শ্রীকান্ত মনে করেন যে ধরনের ফর্মে বৈভব রয়েছে, তাতে সব ফরম্যাটেই তার খেলা উচিত এবং সরাসরি ভারতের ওয়ানডে দলেও তাকে সুযোগ দেওয়া উচিত।

প্রাক্তন এই বিস্ফোরক ওপেনারের স্পষ্ট বক্তব্য, “বৈভব সূর্যবংশী সব স্তরেই রান করছে। আমি ওকে ভারতের ওয়ানডে দলে দেখতে চাই। আমার বিশ্বাস ওর ওয়ানডে দলে থাকা উচিত। ও অত্যন্ত প্রতিশ্রুতিবান ও অসাধারণ প্রতিভাবান একটা ছেলে। আইপিএলে সবথেকে বেশি রান করেছে এবং যেখানেই খেলেছে সেখানেই রান পেয়েছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *