‘শিক্ষিতদের ভোট, সাধারণ মানুষের নয়’, বারাণসী হাতছাড়া হতেই বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য

২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক! উত্তরপ্রদেশের বিধান পরিষদ নির্বাচনে বারাণসী ও লখনউয়ের মতো হাইভোল্টেজ কেন্দ্রসহ মোট পাঁচটি আসনে জয় ছিনিয়ে নিল সমাজবাদী পার্টি (SP)। অন্যদিকে, মোট ১১টি আসনের মধ্যে ৬টিতে জয় পেয়েছে শাসকদল বিজেপি। এই ফলাফল সামনে আসতেই রাজ্য রাজনীতিতে তুঙ্গে উঠেছে তরজা। আর এই জয়-পরাজয়ের মাঝেই উত্তরপ্রদেশের যোগী সরকারের এক মন্ত্রীর মন্তব্য ঘিরে তৈরি হয়েছে চরম বিতর্ক।
‘এটা সাধারণ মানুষের ভোট নয়!’—বিস্ফোরক যোগীর মন্ত্রী
নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসতেই উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর এক বিতর্কিত মন্তব্য করে বসেন। তাঁর দাবি, এই নির্বাচনে সমাজবাদী পার্টির জয় আদতে সাধারণ মানুষের রায় নয়, বরং কেবল ‘শিক্ষিত ভোটারদের’ রায়।
তিনি বলেন—
“মানুষ তাঁদের রায় দিয়েছেন এবং এটি শিক্ষিত মানুষের রায়। আমরা একে স্বাগত জানাই। তবে মাথায় রাখবেন, এগুলি শিক্ষিত মানুষের ভোট, সাধারণ মানুষের নয়। বিধানসভা নির্বাচনের সময় এই শিক্ষিত মানুষদের কিন্তু আর বুথে দেখা যাবে না, তখন বুথে নামবেন সাধারণ ভোটাররা।”
রাজভরের এই মন্তব্য সামনে আসতেই তীব্র কটাক্ষ করতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
‘যেখানে জেতার কথা নয়, সেখানেও জিতেছে সপা’: মানলেন উপমুখ্যমন্ত্রী
নির্বাচনের ফলাফলে নিজেদের আশা পূরণ না হওয়ার কথা অকপটে স্বীকার করেছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তিনি জানান, বিজেপি আরও বেশি আসন আশা করেছিল।
লখনউয়ে মুখ খুলে উপমুখ্যমন্ত্রী বলেন, “আমরা আশানুরূপ ফল করতে পারিনি। কোথায় খামতি ছিল তা খতিয়ে দেখে আত্মসমীক্ষা করা হবে। সমাজবাদী পার্টি এমন কিছু আসনে জিতেছে, যেখানে তাদের জেতার কথা ছিল না। আগামী নির্বাচনে বিজেপিকে ফের ফেরাতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ করব।”
বারাণসী ও লখনউ গ্র্যাজুয়েটস কেন্দ্রে সপা-র জয় জয়কার
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিজেপিকে চমকে দিয়ে বারাণসী ও লখনউ গ্র্যাজুয়েটস—দুটি কেন্দ্রেই বিশাল জয় পেয়েছে অখিলেশ যাদবের দল।
-
বারাণসী গ্র্যাজুয়েটস কেন্দ্র: সমাজবাদী পার্টির প্রার্থী আশুতোষ সিনহা ৫৫,০৪৬ ভোট পেয়ে পরাস্ত করেন বিজেপির কেদারনাথ সিংকে (৩৩,৪৭৮ ভোট)। পরাজয় স্বীকার করে বিজেপি প্রার্থী নেটমাধ্যমে ভোটারদের ধন্যবাদ জানিয়ে গণতান্ত্রিক রায়কে মেনে নেন।
-
লখনউ গ্র্যাজুয়েটস কেন্দ্র: সপা প্রার্থী কান্তি সিং ৫১,১৬৮ ভোট পেয়ে পরাজিত করেন বিজেপির অবনীশ কুমার সিংকে (৩৬,৩১৩ ভোট)।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে বিজেপি আগ্রা, বেরিলি-মোরাদাবাদ, লখনউ, মিরাট ও গোরক্ষপুর-ফৈজাবাদের টিচার্স ও গ্র্যাজুয়েটস আসনগুলিতে জয় পেয়েছে। তবে বারাণসী ও লখনউয়ের মতো সম্মান রক্ষার লড়াইয়ে সপা-র এই কামব্যাক বিজেপিকে চিন্তায় ফেলে দিল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।