‘টাকার বিনিময়ে নিজের ডিউটি বিক্রি করছে! জুনিয়র ডাক্তারদের একাংশকে চরম আক্রমণ স্বাস্থ্যমন্ত্রীর’

এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরকে কেন্দ্র করে ফের এক বিস্ফোরক বিতর্কের ঝড় উঠল রাজ্য স্বাস্থ্য মহলে। টাকার বিনিময়ে হাসপাতালের ডিউটি বিক্রির মতো গুরুতর ও লজ্জাজনক অভিযোগ তুলে সরাসরি জুনিয়র ডাক্তারদের একাংশকে নিশানা করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর এই কড়া আক্রমণ ও রাজনৈতিক প্রবচন ঘিরেই এখন তোলপাড় রাজ্য রাজনীতি।
জুনিয়র ডাক্তারদের একাংশকে তুলোধোনা স্বাস্থ্যমন্ত্রীর
শুক্রবার এনআরএস কাণ্ড নিয়ে মুখ খুলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় জুনিয়র ডাক্তারদের একাংশকে একহাত নেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যাঁদের কথা জুনিয়র ডাক্তারদের বলে যাচ্ছেন, তাঁরা একটা ছোট ভাগ খালি। আপনারা কিছু মাওবাদী, লেনিনবাদী, মার্কসবাদী ডাক্তারদের বলে ভাববেন না, তাঁরা পুরো জুনিয়র ডাক্তার সমাজকে রিপ্রেজেন্ট করেন।” মুষ্টিমেয় কয়েকজন বামপন্থী ও মাওবাদী মতাদর্শের ডাক্তারদের মন্তব্য বা আন্দোলনকে সম্পূর্ণ গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়ে তিনি সাফ জানান যে, তাঁরা যা বলেন তাতে তাঁর বা সরকারের কিচ্ছু এসে যায় না।
‘বামপন্থীরা সত্য কথায় বিশ্বাস করে না’
বামপন্থা এবং বামপন্থী মনোভাবাপন্ন চিকিৎসকদের চরম সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “তাঁরা তথ্য ভুল দেয়। কারণ চিরকাল বামপন্থা ও বামপন্থীরা সত্য কথায় বিশ্বাস করে না। তাঁদের প্রতিটি পরিসংখ্যান ভুল। তাঁরা নীতিতে ভুল, রীতিতে ভুল, সংস্কারে ভুল, সংস্কৃতিতে ভুল। বামেদের একটা চারআনা সত্যি কথা বলেছে দেখান।”
ডিউটি বিক্রির গুরুতর অভিযোগ
তবে এই বক্তৃতার সবচেয়ে চাঞ্চল্যকর অংশটি ছিল এনআরএস হাসপাতালের ডিউটি কেনাবেচা নিয়ে। স্বাস্থ্যমন্ত্রী সরাসরি অভিযোগ তুলে বলেন, যে সমস্ত চিকিৎসক সমাজ সংস্কার ও বড় বড় নীতিবাক্য আউড়ে বেড়ান, তাঁরা আসলে নিজেদের দায়িত্ব ও ডিউটিই টাকার বিনিময়ে অন্যকে বিক্রি করে দেন। তাঁর বক্তব্য, “যারা এত বড় বড় কথা বলে, চিকিৎসা সমাজ ঠিক করবে, তারা সরব হয় না কখনও যখন তারা নিজেদেরই ডিউটি বিক্রি করেন।” হাসপাতালের মতো একটি সংবেদনশীল স্থানে ডিউটি বিক্রির এই গুরুতর অভিযোগ সামনে আসার পর থেকেই চিকিৎসক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র জল্পনা ও সমালোচনার ঝড় উঠেছে।