রাত ১:২৩ মিনিটে উপকূলে আঘাত! সাগরে থমকে থেকে দীর্ঘ ক্ষণ তাণ্ডব চালাল ঘূর্ণিঝড় ‘অর্ণব’

আশঙ্কাই সত্যি হলো। ভয়াবহ রূপ ধারণ করে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে আছড়ে পড়ল সামুদ্রিক ঝড় ‘অর্ণব’। গত রাত ১টা ২৩ মিনিট নাগাদ পুদুচেরির ইয়ানাম উপকূলে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়। অন্ধ্রের বাপাটলা ও বিশাখাপত্তনমের মধ্যে ল্যান্ডফলের সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার। ঝড়ের তাণ্ডবে অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যেই ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং ৩১টি বাড়ি সম্পূর্ণ ধুলিস্যাৎ হয়ে গেছে।

সাগরে থমকে থেকে দীর্ঘ ক্ষণ তাণ্ডব

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে প্রথম পর্যায়ের ল্যান্ডফল শুরু হলেও ঘূর্ণিঝড়টির একটি বড় অংশ বহুক্ষণ ধরে সাগরেই থমকে ছিল। এরপর সকাল ১০টার পর থেকে পাকাপাকিভাবে ল্যান্ডফল শেষের প্রক্রিয়া শুরু হয়। অতিপ্রবল এই ঝড়ের জেরে বিশাখাপত্তনমে একাই ২১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় দুই রাজ্যের উপকূল সংলগ্ন নিচু এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়েছে।

বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা, মাঠে নেমেছে NDRF

ঝড়ের তাণ্ডবে অন্ধ্র ও ওড়িশার উপকূলে শত শত গাছপালা উপড়ে পড়েছে। এর জেরে দুই রাজ্যেরই বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে ব্যাহত হয়েছে। ওড়িশার গজপতি, গঞ্জাম, রায়গাড়া, কোরাপুট, নওরংপুর এবং মালকানগিরি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া পুরী, খুর্দা, সম্বলপুর, দেওগড়, কালাহান্ডি, কান্ধামাল এবং নুয়াপাড়া জেলাতেও ঝোড়ো হাওয়ার সাথে অবিরাম বৃষ্টিপাত চলছে।

পরিস্থিতি মোকাবিলায় এবং দ্রুত উদ্ধারকাজ চালাতে ইতিমধ্যেই ময়দানে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। মোট ৩৯টি টিমকে দুর্গত এলাকায় মোতায়েন করা হয়েছে। প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *