মাত্র ৬ ঘণ্টায় অতি তীব্র রূপ! ধেয়ে আসছে ভয়ঙ্কর ‘অর্ণব’, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন!

আরও শক্তিশালী হয়ে বাংলার দোরগোড়ায় কড়া নাড়ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ (Cyclone Arnab)। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে এই সামুদ্রিক ঝড় তীব্র থেকে আরও ভয়ংকর অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে ল্যান্ডফল হওয়ার কথা থাকলেও, এর প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গেও। ইতিমধ্যেই রাজ্যে দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। আজ থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আর এই প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখেই যাত্রীদের সুরক্ষার স্বার্থে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের বড় সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, হাওড়া সহ বিভিন্ন রুট থেকে বেশ কিছু ট্রেন ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বাতিল রাখা হয়েছে।
কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?
রেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড়ের জেরে যে ট্রেনগুলি আপাতত চলাচল করবে না, তার তালিকা নিম্নরূপ:
১৮১০৭ রাউরকেলা-জগদলপুর এক্সপ্রেস: ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
১৮১০৮ জগদলপুর-রাউরকেলা এক্সপ্রেস: ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলাচল করবে না।
১৮০০৫ হাওড়া-জগদলপুর এক্সপ্রেস: ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে।
১৮০০৬ জগদলপুর-হাওড়া এক্সপ্রেস: ২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।
হঠাৎ এই ট্রেন বাতিলের জেরে ওই রুটের নিত্যযাত্রী ও দূরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। রেল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।
ভয়ংকর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দুপুরের আগেই অন্ধপ্রদেশের বিশাখাপত্তনমের দক্ষিণে উপকূলের কাছাকাছি আছড়ে পড়বে ঘূর্ণিঝড় অর্ণব। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার একাধিক অংশে ‘লাল সতর্কতা’ বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ল্যান্ডফলের সময় অন্ধ্র উপকূলে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটারে গিয়ে ঠেকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাশাপাশি, আজ ও আগামী কাল পুরী সহ ওড়িশার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ‘কমলা সতর্কতা’ রয়েছে। সোমবার রাত থেকেই ওড়িশার বিভিন্ন উপকূল এলাকায় প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে, দীঘা সহ পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলেও এর প্রভাব পড়তে শুরু করায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। যাত্রীদের সুরক্ষার স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।