ঘণ্টায় ৩২০ কিমি স্পিড! মুম্বই থেকে আহমেদাবাদ মাত্র কয়েক ঘণ্টায়, রেলমন্ত্রীর বুলেট ট্রেন আপডেটে নেটপাড়ায় শোরগোল!

মাটির ১০০ ফুট গভীরে মেগা স্টেশন, সমুদ্রের তলায় টানেল! ২০২৭-এ দেশের প্রথম বুলেট ট্রেন নিয়ে রেলমন্ত্রীর মেগা আপডেট

বিশেষ প্রতিনিধি: ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প ঘিরে এবার সামনে এলো সবচেয়ে বড় তথ্য। আমেদাবাদ থেকে মুম্বইগামী দেশের প্রথম হাই-স্পিড বুলেট ট্রেন ২০২৭ সালের শেষের দিকেই বাস্তবে রূপ নিতে চলেছে। বুলেট ট্রেনের নির্মাণকাজ এখন একেবারে যুদ্ধকালীন তৎপরতায় এগোচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই ৫০৮ কিলোমিটার দীর্ঘ করিডরে আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের একাধিক অভাবনীয় নিদর্শন দেখা যাবে, যা দেশের পরিবহন ব্যবস্থায় নতুন এক অধ্যায়ের সূচনা করবে।

এই মেগা প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে (বিকেসি) নির্মাণাধীন দেশের প্রথম মাটির তলার মেগা রেলওয়ে স্টেশন। মাটির প্রায় ১০০ ফুট (৩২ মিটার) গভীরে ১০ তলা বাড়ির সমান গভীরতায় তৈরি হচ্ছে এই প্রযুক্তিগত বিস্ময়। স্টেশনে তৈরি হচ্ছে ৩টি আলাদা লেভেল এবং ৪০০ মিটারেরও বেশি লম্বা মোট ৬টি আধুনিক প্ল্যাটফর্ম।

শুধু মাটির তলদেশের স্টেশনই নয়, সমুদ্রের তলদেশ চিরে দেশের প্রথম আন্ডারওয়াটার টানেলও তৈরি হচ্ছে এই রুটেই। থানে ক্রিকের কাছে ২১ কিলোমিটার দীর্ঘ একটি বিশালাকার টানেল নির্মাণ করা হচ্ছে, যার মধ্যে প্রায় ৭ কিলোমিটার অংশ থাকবে সরাসরি সমুদ্রের জলের নিচে।

এই কঠিন টানেল তৈরির জন্য নামানো হয়েছে প্রায় ৩,২০০ টন ওজনের বিশাল ‘টানেল বোরিং মেশিন’ (TBM)। যার এক একটি কাটার-হেডের ব্যাস প্রায় ১৩.৬ মিটার—যা উচ্চতায় চার তলা বাড়ির সমান! ওজনের দিক থেকে যা প্রায় ৫০০টি এশিয়ান হাতির সমান ভারী এবং লম্বায় ৯৬ মিটার। ভিক্রোলি ও সাভলি এলাকা থেকে জোরকদমে চালানো হচ্ছে খোঁড়াখুঁড়ির কাজ।

রেল দপ্তরের সূচি অনুযায়ী, উদ্বোধনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা না হলেও ২০২৭ সালের মধ্যে বাণিজ্যিকভাবে পরিষেবা চালু হওয়াই লক্ষ্য। পূর্ণ শক্তিতে ছুটলে এই বুলেট ট্রেনের গতি পৌঁছাবে ঘণ্টায় ৩২০ কিলোমিটারে, যা মুম্বই ও আমেদাবাদের মধ্যে যাতায়াতের সময় একধাক্কায় বহু ঘণ্টা কমিয়ে দেবে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *