লক্ষ্মীপুজোয় বানান সুগার ফ্রি নাড়ু, গুড় চিনি ছাড়াই শিখেনিন বানানোর পদ্ধতি

দুর্গাপুজোর আনন্দ কাটতে না কাটতেই কোজাগরী লক্ষ্মীপুজোর আরাধনায় সেজে উঠেছে বাংলা। ঘরে ঘরে এখন ব্যস্ততার মরশুম, চলছে হরেক রকমের নাড়ু বানানোর পর্ব। তবে যারা বর্তমানে কঠোর হেলদি ডায়েট কিংবা ফিজিক্যাল ফিটনেস বজায় রাখছেন, তাঁদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়— চিনি বা গুড়ের তৈরি নাড়ু খাওয়া কি আদৌ স্বাস্থ্যকর? আর ঠিক এই কথাটি মাথায় রেখেই স্বাস্থ্যসচেতনদের জন্য এবার হাজির হয়েছে এক দারুণ বিকল্প। চিনি বা গুড় ছাড়াই কীভাবে খুব সহজে সুস্বাদু মুগ ডাল ও ড্রাই ফ্রুটসের নাড়ু তৈরি করা যায়, দেখে নিন তার ঝটপট রেসিপি।
এই বিশেষ নাড়ুগুলিতে কোনো ধরনের পরিশোধিত চিনি বা গুড় ব্যবহার করা হয় না। এর পরিবর্তে খেজুর এবং কিশমিশ প্রাকৃতিক মিষ্টির জোগান দেয়। অন্যদিকে মুগ ডাল, বিভিন্ন শুকনো ফল (ড্রাই ফ্রুটস) এবং পুষ্টিকর বীজ একে অত্যন্ত স্বাস্থ্যকর করে তোলে। মুগ ডাল প্রোটিনের এক দুর্দান্ত উৎস, আর আমন্ড, আখরোট, কাজু এবং নানা ধরনের বীজ শরীরে প্রয়োজনীয় স্বাস্থ্যকর ফ্যাট ও পুষ্টি জোগায়।
কী কী উপকরণ লাগবে?
-
সবুজ মুগ ডাল – ১ কাপ (ধুয়ে ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রাখা)
-
বাদাম – ১/৪ কাপ
-
কাজু – ১/৪ কাপ
-
আখরোট – ১/৪ কাপ
-
পেস্তা – ২ টেবিল চামচ
-
কুমড়োর বীজ – ২ টেবিল চামচ
-
সূর্যমুখীর বীজ – ২ টেবিল চামচ
-
চিয়া বীজ – ১ টেবিল চামচ
-
ভাজা তিসি – ১ টেবিল চামচ
-
এলাচ গুঁড়ো – ১/২ চা চামচ
-
দেশি ঘি – ২ টেবিল চামচ
-
কিশমিশ – ১/৪ কাপ
-
খেজুর – ৮-১০টি (খোসা ছাড়ানো ও মিহি করে কাটা)
তৈরির সহজ পদ্ধতি:
প্রথমে ভেজানো সবুজ মুগ ডাল থেকে ভালো করে জল ঝরিয়ে নিন। অতিরিক্ত আর্দ্রতা দূর করতে ডালগুলো একটি পরিষ্কার সুতির কাপড়ের উপর ১৫ থেকে ২০ মিনিট ছড়িয়ে রাখুন।
এবার কড়াইতে কোনো ঘি না দিয়ে কম আঁচে মুগ ডাল হালকা সোনালি রঙ ও সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে ডালগুলো পুরোপুরি ঠান্ডা করে মিক্সারে একটু মোটা করে গুঁড়ো বা পেস্ট করে নিন।
এরপর ওই একই কড়াইতে বাদাম, কাজু, আখরোট, পেস্তা, কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ এবং তিসির বীজ একসঙ্গে হালকা করে ভেজে নিন। খেয়াল রাখবেন আঁচ যেন কম থাকে, না হলে শুকনো ফল ও বীজগুলো পুড়ে যেতে পারে। ভাজার পর ঠান্ডা হলে এগুলো মোটা করে কুচিয়ে নিন।
অন্য একটি প্যানে দেশি ঘি গরম করে তাতে মিহি করে কাটা খেজুর ও কিশমিশ দিয়ে ২-৩ মিনিট নাড়াচাড়া করুন। এতে খেজুর ও কিশমিশ নরম হয়ে মিশে যাবে।
এবার ওই মিশ্রণে আগে থেকে বেটে রাখা সবুজ মুগ ডাল, ভাজা ড্রাই ফ্রুটস, বিভিন্ন বীজ এবং এলাচ গুঁড়ো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে মিশ্রণটি সামান্য ঠান্ডা হতে দিন। মিশ্রণটি হালকা গরম অবস্থাতেই হাতে সামান্য ঘি মেখে পছন্দের আকারে গোল গোল নাড়ু পাকিয়ে নিলেই তৈরি স্বাস্থ্যকর ও সুস্বাদু মুগ ডালের নাড়ু!