“দাদাকে বাঁচাতে জলে নেমে চিরতরে হারিয়ে গেল ভাইও!”-মর্মান্তিক দুর্ঘটনায় শোকে পরিবার

উৎসবের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হলো বারাসতে। লক্ষ্মীপুজোর আগের দিন শনিবার এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল একই পরিবারের দুই শিশু ভাই। খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে ডুবে মৃত্যু হয়েছে ওই দুই নাবালক ভাইয়ের। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা রামকৃষ্ণ পল্লি এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। মৃত দুই ভাইয়ের নাম রুদ্র দাস (১৪) এবং দেবার্ঘ্য দাস (১২)।

ঠিক কী ঘটেছিল?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বারাসত পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের শতদল সংলগ্ন রামকৃষ্ণ পল্লি এলাকায় বাড়ির কাছেই একটি পুকুরের ধারে খেলছিল দুই ভাই। খেলার ছিদ্রে হঠাৎই কোনওভাবে তাঁদের মধ্যে একজন পা পিছলে পুকুরে পড়ে যায়। ভাইকে জলের মধ্যে তলিয়ে যেতে দেখে অপর ভাইও তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেয়। কিন্তু শেষরক্ষা হয়নি, গভীর জলের টানে দু’জনেই পুকুরে তলিয়ে যায়।

দুই শিশুকে পুকুরে ডুবে যেতে দেখে আশপাশের কয়েকজন প্রত্যক্ষদর্শী চিৎকার শুরু করেন। সেই আর্তনাদ শুনে মুহূর্তের মধ্যে স্থানীয় বাসিন্দারা ছুটে এলেও ততক্ষণে দুই ভাই জলের গভীরে তলিয়ে গেছে।

ডুবুরি নামিয়ে উদ্ধারকাজ ও মর্মান্তিক পরিণতি

ঘটনার খবর দেওয়া হয় বারাসত থানায়। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর ডুবুরি নামিয়ে পুকুরে শুরু হয় জোরদার তল্লাশি অভিযান। প্রায় এক ঘণ্টা টানা খোঁজাখুঁজির পর দুই ভাইকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দুই ভাইয়ের দেহ বারাসত হাসপাতালে পাঠানো হয়েছে।

একই পরিবারের দুটি তাজা প্রাণ এভাবে ঝরে যাওয়ায় শোকে পাথার হয়ে গেছে দাস পরিবার। কোজাগরী লক্ষ্মীপুজোর আনন্দের ঠিক প্রাক্কালে এমন আকস্মিক ট্র্যাজেডিতে স্তব্ধ গোটা বারাসতের সংলগ্ন এলাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *