লক্ষ্মীপুজোয় দিন ঘিয়ে তৈরি লুচি-সুজির ভোগ, জেনেনিন বানানোর সহজ পদ্ধতি

ধনদেবী মা লক্ষ্মীকে তুষ্ট করতে কোজাগরী পূর্ণিমার পুজোয় শাস্ত্রীয় নিয়ম মেনে ভোগ নিবেদনের গুরুত্ব অপরিসীম। মা লক্ষ্মী কেবল ধনের দেবী নন, তিনি শ্রী, সমৃদ্ধি এবং অন্নপূর্ণার প্রতীক। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, লক্ষ্মীপুজোর রাতে ভক্তিভরে দেবীর মনঃপূত নৈবেদ্য নিবেদন করলে গৃহের সমস্ত দারিদ্র্য দূর হয়। তাই পুজোর থালায় নির্দিষ্ট কিছু ঐতিহ্যবাহী প্রসাদ রাখা একান্ত আবশ্যক।

২৫ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজোর তিথিতে অনেকেই দেবীকে খিচুড়ি-লাবড়া ও পায়েসের ভোগ দিয়ে থাকেন। আবার অনেকেই ঐতিহ্য মেনে ঘিয়ে ভাজা তুলতুলে নরম লুচি ও সুজির হালুয়ার ভোগ নিবেদন করেন। জ্যোতিষ ও ধর্মশাস্ত্র মতে, ঘি এবং শস্যদানা সমৃদ্ধি ও প্রাচুর্যের বাহক। তাই সুজি ও ঘি সহযোগে তৈরি মিষ্টি প্রসাদ মায়ের নৈবেদ্যে পূর্ণতা এনে দেয় এবং পরিবারের উন্নতি ত্বরান্বিত করে। আসুন জেনে নেওয়া যাক দেবীর ভোগের জন্য কীভাবে তৈরি করবেন পারফেক্ট লুচি ও সুজির হালুয়া।

১. ঘিয়ে ভাজা ফুলকো লুচি

প্রয়োজনীয় উপকরণ:

  • ময়দা — ১ কেজি

  • ময়ানের জন্য ঘি — পরিমাণমতো

  • চিনি ও নুন — সামান্য

  • ভাজার জন্য — ঘি বা সাদা তেল

তৈরির পদ্ধতি: প্রথমে একটি পাত্রে ময়দা নিয়ে তাতে পরিমাণমতো ঘি, সামান্য চিনি ও নুন যোগ করে খুব ভালোভাবে ময়ান দিন। যত বেশি সময় ধরে ময়ান মাখা হবে, লুচি ততটাই নরম ও তুলতুলে হবে। হালকা গরম জল দিয়ে নরম ডো মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। এরপর ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে গোল গোল করে বেলুন। কড়াইতে ঘি বা সাদা তেল ভালোভাবে গরম করে ছাঁকা তেলে হালকা ভেজে তুললেই তৈরি হয়ে যাবে গরম গরম ফুলকো লুচি।

২. সুজির সুস্বাদু হালুয়া

প্রয়োজনীয় উপকরণ:

  • সুজি — ২ কাপ

  • ঘন দুধ — ১ লিটার

  • চিনি — স্বাদমতো

  • কাজু ও কিশমিশ — প্রয়োজনমতো

  • এলাচ ও তেজপাতা — ২-৩টি

  • ঘি — ৪-৫ চামচ

তৈরির পদ্ধতি: প্রথমে শুকনো কড়াইতে সুজি হালকা আঁচে লালচে করে ভেজে আলাদা পাত্রে তুলে রাখুন। অন্যদিকে দুধ ভালো করে ফুটিয়ে কিছুটা ঘন করে নিন। এবার কড়াইতে ঘি গরম করে কাজু ও কিশমিশ হালকা ভেজে তুলে রাখুন। ওই ঘিতেই গোটা এলাচ ও তেজপাতা ফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে ভেজে রাখা সুজি দিয়ে সামান্য নাড়াচাড়া করুন।

এরপর আগে থেকে ফুটিয়ে রাখা গরম দুধ ও স্বাদমতো চিনি মিশিয়ে দিন। মিশ্রণটি ফুটতে ফুটতে ঘন হয়ে এলে ভেজে রাখা কাজু ও কিশমিশ ওপর থেকে ছড়িয়ে দিন। নামানোর আগে ওপর থেকে আরও এক চামচ গাওয়া ঘি ছড়িয়ে দিলেই তৈরি মায়ের প্রসাদী সুজির হালুয়া।

এবার সুন্দর থালায় গরম গরম লুচি ও সুজির হালুয়া সাজিয়ে ভক্তিভরে নিবেদন করুন মা লক্ষ্মীর চরণে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *