“নিজের ধর্ম সম্পর্কে যারা সব জানে…”-সিঁদুর খেলা নিয়ে ট্রোলারদের জবাব দিলেন নুসরত!

প্রতি বছরই বিজয়া দশমীতে দেবীকে বরণ করা থেকে শুরু করে সিঁদুর খেলায় মেতে উঠতে দেখা যায় অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহানকে। আর এর জেরে বারবারই তাঁকে নেটদুনিয়ায় তীব্র ট্রোলের মুখে পড়তে হয়। বিশেষ করে তাঁর ধর্ম পরিচয় টেনে এনে একাধিক কটাক্ষ করেন সমালোচকরা। তবে এই সমস্ত নেতিবাচক ট্রোল বা কটাক্ষকে বরাবরই বুড়ো আঙুল দেখিয়ে নিজের শর্তে জীবন কাটাতে পছন্দ করেন নুসরত। চলতি বছরের দশমীতেও তার অন্যথা হয়নি। লাল পাড় সাদা শাড়ি, একমাথা সিঁদুর ও হাতে শাঁখা-পলা পরে পাইক বাড়িতে ঠাকুর বরণ ও সিঁদুর খেলায় অংশ নেন তিনি। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই শুরু হয় নতুন বিতর্ক। বিশেষ করে মুসলিম হয়ে সিঁথিতে সিঁদুর পরায় এক বিশেষ সম্প্রদায়ের নেটিজেনদের নিশানা হন তিনি। আর এবার এই সমস্ত সমালোচনার মুখে দাঁড়িয়ে একেবারে খোলাখুলি জবাব দিলেন অভিনেত্রী।
সম্প্রতি পাইক বাড়িতে দুর্গাপুজোর সিঁদুর খেলায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন নুসরত। সমস্ত বিতর্কের কড়া জবাব দিয়ে তিনি স্পষ্ট জানান যে, উৎসব পালন করা সম্পূর্ণভাবে তাঁর ব্যক্তিগত পছন্দ। অভিনেত্রীর দ্ব্যর্থহীন মন্তব্য, ‘আমিও আমার কমেন্টে দেখেছি অনেকে অনেক কিছু লিখছে, যাঁরা মনে হয় নিজের ধর্মের বিষয়ে সবকিছুটা জানে। কিন্তু হয়তো তাদের চেয়ে একটু বেশি আমি জানি। সেটা আমার আত্মবিশ্বাস। আপনার বিশ্বাস আপনার কাছে রাখুন। আপনিও ভালো থাকুন, আমিও নিজেকে ভালো রাখছি।’
উৎসবের কোনো সীমানা হয় না—এই বার্তা দিয়ে নুসরত আরও বলেন, ‘উৎসব সকলের হয়। আর আমি চিরকাল সকল উৎসব পালন করে আসছি। অনেকেই বলে তুমি তো জাহান। আমি কোনোদিন কাউকে জবাব দেইনি। আমার মনে হয় যারা অন্য ধর্মের হয়েও, বিশ্বাসের সঙ্গে মায়ের আরাধনা করছে, সিঁদুর খেলায় মেতে উঠছে, তাঁদেরও উচিত নয় জবাব দেওয়া। কারণ এটা ব্যক্তিগত পছন্দ।’
উল্লেখ্য, নুসরত এর আগেও হিন্দু ধর্মের সমস্ত উৎসব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে এসেছেন। শুধু দুর্গাপুজো নয়, জগন্নাথদেবের রথযাত্রা থেকে শুরু করে দিওয়ালি, বড়দিন—সব উৎসবই ধুমধাম করে উদযাপন করেন তিনি। সম্প্রতি পুজো শুরুর আগেই স্বামী যশ দাশগুপ্তের সঙ্গে উজ্জ্বয়িনির মহাকালেশ্বর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসার পরও তাঁকে নেটদুনিয়ায় ট্রোলড হতে হয়েছিল। তবে এসবে কান না দিয়ে তিনি সমস্ত ধর্মকে সমান চোখে দেখতেই ভালোবাসেন। অতীতে তুরস্কে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে হিন্দু রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর শাঁখা-পলা ও সিঁদুর পরেই লোকসভায় সাংসদ হিসেবে শপথ নিতে পৌঁছেছিলেন তিনি, যা নিয়েও কম জলঘোলা হয়নি। তবে সমস্ত বিতর্ককে পেছনে ফেলে নিজের মতো করেই জীবনের প্রতিটি উৎসব উদ্যাপন করে চলেছেন নুসরত জাহান।