‘বিক্ষোভের আগুন ছড়াচ্ছে ইউরোপে!’ ফ্রান্স, ইতালি ও বেলজিয়ামে থাকা ভারতীয়দের জন্য জারি জরুরি সতর্কতা!

ইউরোপজুড়ে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও লাগাতার হিংসাত্মক বিক্ষোভের জেরে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ফ্রান্স, ইতালি এবং বেলজিয়ামসহ অন্যান্য ইউরোপীয় দেশগুলিতে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করল কেন্দ্র। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই দেশগুলিতে অবস্থানরত ভারতীয়দের চরম সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে এবং যত্রতত্র যাতায়াতের সময় বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে।
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “ফ্রান্স, ইতালি ও বেলজিয়ামে অবস্থিত ভারতীয় দূতাবাসগুলি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভারতীয়দের সঙ্গে অবিচ্ছিন্ন যোগাযোগ রাখছে।” অশান্ত দেশগুলিতে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা ও সুস্থতা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি আরও জানান, নাগরিকদের অযথা বাইরে বের হতে বারণ করা হয়েছে এবং যে সমস্ত এলাকায় বিক্ষোভ বা সংঘর্ষ চলছে, সেই জোনগুলি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পাশাপাশি, স্থানীয় প্রশাসনের জারি করা সমস্ত নির্দেশিকা ও অ্যাডভাইজারি কঠোরভাবে মেনে চলার অনুরোধ করেছে বিদেশ মন্ত্রক। রণধীর জয়সওয়াল বলেন, “ফ্রান্স ও ইতালিতে অবস্থিত আমাদের দূতাবাসগুলি ইতিমধ্যেই নাগরিকদের জন্য পৃথক নির্দেশিকা জারি করেছে, যা সকলেরই মেনে চলা উচিত। আমরা বিদেশে বসবাসকারী আমাদের প্রতিটি নাগরিকের মঙ্গল ও সুরক্ষার জন্য সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”
উল্লেখ্য, গত সপ্তাহে ফ্রান্সে চলা ছাত্র বিক্ষোভ ও আন্দোলন এক চরম হিংসাত্মক রূপ নেয়। মুদ্রাস্ফীতির জেরে ফ্রান্সের পাশাপাশি আলবেনিয়া, ইতালি এবং পর্তুগালের মতো দেশগুলিতেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানান। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, লিমোজ শহরের একটি ঐতিহাসিক টাউন হলে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। ব্যাপক ভাঙচুর ও লুটপাটের জেরে প্যারিসের বেশ কিছু এলাকায় কার্ফু জারি করতে বাধ্য হয় প্রশাসন। ইতালিও এই পরিস্থিতি সামাল দিতে কঠোর হিংসা বিরোধী আইন প্রণয়ন করেছে।
শনিবার ফের নতুন করে ফ্রান্সে বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও হিংসার পুনরাবৃত্তি রোধ করতে দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। এমতাবস্থায় ইউরোপে অবস্থিত প্রবাসী ভারতীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে এই বিশেষ সতর্কতা জারি করল নয়াদিল্লি।