Recipe: টেস্টি দই কাতলা বাননোর সহজ রেসিপি, শিখেনিন বানানোর সহজ পদ্ধতি

বাঙালির পাতে কাতলা মাছ চিরকালই বিশেষ পছন্দের। ছুটির দিন হোক কিংবা সাধারণ দুপুর, নিয়মিত ঝোল বা কালিয়া দিয়ে ভাত খেতে খেতে অনেক সময়েই একঘেয়েমি চলে আসে। আর সেই একঘেয়েমি কাটাতে এবং পাতে নতুন স্বাদ আনতে জুড়ি মেলা ভার এই পদের। আজ আপনাদের জন্য রইল অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু ‘দই কাতলা’ তৈরির সহজ রেসিপি। ঠিক নিয়ম মেনে এই পদ বানালে গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে এর স্বাদ একেবারে জমে যাবে!

কী কী উপকরণ লাগবে?

  • প্রধান উপকরণ: কাতলা মাছ ৪ টুকরো

  • দইয়ের মিশ্রণ: ভালোভাবে ফেটিয়ে নেওয়া টক দই ১ কাপ

  • বাটা মশলা: ১টি মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, ১.৫ চা চামচ আদা-রসুন বাটা, ৪টি কাঁচা লঙ্কা বাটা

  • ফোড়ন: ১টি তেজপাতা, ১টি ছোট এলাচ, ৪টি লবঙ্গ, ১ টুকরো দারচিনি

  • গুঁড়ো মশলা: ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আধ চা চামচ জিরে গুঁড়ো, আধ চা চামচ ধনে গুঁড়ো, আধ চা চামচ গরম মশলা গুঁড়ো

  • অন্যান্য: আধ চা চামচ চিনি, স্বাদমতো নুন, পরিমাণমতো সর্ষের তেল এবং শেষ ছোঁয়া দেওয়ার জন্য আধ চামচ ঘি।

কীভাবে বানাবেন?

১. মাছ ভাজা: সবার প্রথমে কাতলা মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর সামান্য নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষন রেখে দিন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাছের টুকরোগুলো হালকা সোনালী করে ভেজে তুলে রাখুন।

২. মশলা কষানো: ওই তেলেই গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিন। এরপর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষাতে থাকুন। পেঁয়াজের রং বদলালে আদা-রসুন বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিন। মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে নাড়তে থাকুন।

৩. দইয়ের ব্যবহার: একটি পাত্রে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে কড়াইতে ঢেলে দিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে গ্যাসের আঁচ কমিয়ে মাঝারি করুন। এবার কড়াইতে ফেটানো টক দই এবং চিনি দিয়ে অনবরত নাড়তে থাকুন, যাতে দই ফেটে না যায়। স্বাদমতো নুন দিয়ে মশলার সঙ্গে দই খুব ভালো করে মিশিয়ে নিন।

৪. রান্না ও পরিবেশন: মশলা থেকে তেল ছেড়ে এলে পরিমাণমতো উষ্ণ গরম জল ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছের টুকরোগুলো গ্রেভির মধ্যে ছেড়ে দিন। এবার কড়াই ঢাকা দিয়ে ৫ থেকে ৭ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। সবার শেষে নামানোর আগে উপর থেকে সামান্য ঘি ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি দারুণ সুস্বাদু ‘দই কাতলা’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *