কবে আসছে মহারাজের বায়োপিক? পুজো মণ্ডপ থেকেই বড় ঘোষণা করলেন খোদ সৌরভ

বলিউডে একের পর এক তারকার বায়োপিক তৈরির হিড়িকে এবার বড় পর্দায় আসছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনকাহিনি। এই ছবিতে ‘দাদা’র ভূমিকায় অভিনয় করছেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা রাজকুমার রাও। চরিত্রের প্রয়োজনে নিজেকে পুরোপুরি ভেঙে গড়েছেন তিনি, করেছেন কলকাতার মাটিতে শুটিংও। আর এবার পুজোয় নিজের পাড়ার প্রতিমা বিসর্জনের মঞ্চ থেকেই ছবিটির মুক্তির সম্ভাব্য সময় ঘোষণা করে দিলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়।

কবে মুক্তি পাবে ছবি?

সৌরভের বায়োপিক নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে চরম কৌতূহল কাজ করছিল। সম্প্রতি দুর্গাপুজোর ভাসান দেখতে এসে সেই জল্পনার অবসান ঘটান প্রাক্তন ভারত অধিনায়ক। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সব ঠিকঠাক থাকলে আগামী ২০২৭ সালেই রূপোলি পর্দায় মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবি। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘সেক্রেড গেমস’-খ্যাত পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে এই ছবির পরিচালনা করছেন এবং এর প্রযোজনার দায়িত্বে রয়েছেন লভ রঞ্জন।

রাজকুমারের লুক নিয়ে নেটপাড়ায় শোরগোল

সৌরভের বায়োপিকের সেট থেকে রাজকুমার রাওয়ের একাধিক ছবি ও বিশেষ করে লাল জার্সি পরা একটি লুক সামনে আসতেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র চর্চা। নেটনাগরিকদের একাংশ অভিনেতার এই রূপের সমালোচনা করে প্রশ্ন তোলেন। তাঁদের একাংশের দাবি ছিল, রাজকুমারকে আদতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো দেখতে লাগছে না। বরং তাঁকে দেখে বাংলার পেসার অশোক দিন্দা, মুনাফ প্যাটেল কিংবা মহম্মদ কাইফের কথা মনে পড়ছে। ট্রোলের সুরে কেউ কেউ এমনও মন্তব্য করেন, “আগে থেকে বলা ছিল বলেই রক্ষে, নইলে মনে হতো অশোক দিন্দার বায়োপিক তৈরি হচ্ছে!”

যদিও এই সমস্ত সমালোচনাকে পাশ কাটিয়ে রাজকুমার রাওয়ের অভিনয় দক্ষতা এবং পরিচালকের মুন্সিয়ানার ওপরই ভরসা রাখছেন অনুরাগীরা। ছবিটিতে রাজকুমার ছাড়াও আর কোন কোন তারকা অভিনয় করছেন, সে বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ২০২৭ সালে মহারাজ কীভাবে বড় পর্দায় ধরা দেন, এখন সেটাই দেখার অপেক্ষা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *