নিয়ন্ত্রণে দাবি রাজ্যের, তবুও ডেঙ্গিতে ১৫ জনের মৃত্যু! স্বাস্থ্য ভবনের কড়া নির্দেশ কী?

রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও ডেঙ্গি মোকাবিলায় কোনওরকম শৈথিল্য বা গাফিলতি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিল স্বাস্থ্য দফতর। আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত রাজ্যজুড়ে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সল্টলেকের স্বাস্থ্য ভবনে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের সুপার ও প্রিন্সিপালদের সঙ্গে এক জরুরি ভিডিও কনফারেন্স বৈঠকে এই কড়া বার্তা দেন তিনি।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪৯৯ জন। এই সময়ের মধ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে রাজ্যে ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে। বর্তমানে রাজ্যে সক্রিয় ডেঙ্গি আক্রান্তের রোগীর সংখ্যা রয়েছে ২০৭ জন। তাঁদের মধ্যে ছ’জনের শারীরিক পরিস্থিতি কিছুটা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

এদিনের বৈঠকে সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, হাসপাতাল ও মেডিকেল কলেজের ভেতরের অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সম্পূর্ণ সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের। অন্যদিকে, হাসপাতালের বাইরের চত্বর ও চত্বরের আশপাশের এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব বর্তাবে সংশ্লিষ্ট পুরসভার ওপর। ডেঙ্গির প্রকোপ রুখতে জল জমার মতো বিষয়গুলিতে জিরো টলারেন্স নীতি নেওয়ার পক্ষেই সওয়াল করেছে স্বাস্থ্য দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *