জুহুর পুজো মণ্ডপে কাজলের ধামাকা! বোন তনিষা ও অয়ন মুখার্জির সঙ্গে মেতে উঠলেন ৮০ তম দুর্গোৎসবে!

মুম্বাইয়ের বিখ্যাত ‘নর্থ বোম্বে সার্বজনীন দুর্গাপূজা’ এবার পা রাখল ৮০তম বছরে। প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী এই পুজোকে কেন্দ্র করে আলোর রোশনাই ও উৎসবের আমেজে মেতে উঠেছে মুখার্জি পরিবার। প্রবীণ অভিনেত্রী তনুজা, তাঁর দুই তারকা কন্যা কাজল ও তনিষা মুখার্জির উপস্থিতিতে জমকালো উদ্বোধনের মাধ্যমে সূচিত হলো এই বছরের দুর্গোৎসব।

কাজলের সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল
উৎসবের ঝলক নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে কাজল লেখেন, “আজকের দিনটি ‘মা’-এর সমস্ত রূপকে উদ্যাপনের দিন.. মা হিসেবে, কন্যা হিসেবে, রক্ষাকর্তা হিসেবে এবং দেবী রূপে! জয় মা দুর্গা, এবার উন্মাদনা শুরু।”

অন্যদিকে, বোন তনিষা মুখার্জিও পরিবারের সঙ্গে কাটানো আনন্দের মুহূর্তগুলোর ছবি শেয়ার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁর ক্যাপশনে ছিল বাঙালি হৃদয়ের চিরচেনা অনুভূতি—”বছরের সবচেয়ে পছন্দের সময়… মা আসছেন!! দুর্গা মার জয়!!”

তারার মেলা মণ্ডপে
এই পারিবারিক উদযাপনে কাজল ও তনিষার পাশাপাশি যোগ দিয়েছিলেন তাঁদের খুড়তুতো ভাই তথা খ্যাতনামা পরিচালক অয়ন মুখার্জি এবং অভিনেত্রী শর্বানী মুখার্জি। ভক্তরা প্রতিবছরই মুখার্জি পরিবারের এই খোলামেলা আনন্দের মুহূর্তগুলো দেখতে চাতক পাখির মতো চেয়ে থাকেন।

১৯৪৮ সালের ঐতিহ্যবাহী উত্তর বোম্বে সার্বজনীন দুর্গাপূজা
১৯৪৮ সাল থেকে শুরু হওয়া এই পুজো মুম্বাইয়ের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় দুর্গাপূজা হিসেবে পরিচিত। জুহুর টিউলিপ স্টার হোটেল হয়ে বর্তমানে এটি জুহুর এসএনডিটি মহিলা বিশ্ববিদ্যালয়ের কাছে আয়োজিত হয়। এই পুজোর আয়োজনের নেপথ্যে মুখার্জি পরিবারের বহু প্রজন্মের অবদান রয়েছে। অয়ন মুখার্জির বাবা তথা প্রবীণ অভিনেতা দেব মুখার্জি দীর্ঘদিন ধরে এই পুজোর দায়িত্বে ছিলেন। গত বছর (২০২৫) তাঁর প্রয়াণের পরও পরিবারটি পূর্ণ নিষ্ঠার সঙ্গে ঐতিহ্য বজায় রেখে চলেছে।

এবার অনুপস্থিত রানী মুখার্জি?
মুখার্জি পরিবারের এই দুর্গাপূজায় প্রতি বছরই নিয়মিত দেখা যায় অভিনেত্রী রানী মুখার্জিকে। তবে জানা গেছে, এই বছর হয়তো পুজোয় দেখা মিলবে না রানীর। কারণ গত ২২ সেপ্টেম্বর তাঁর মা কৃষ্ণা মুখার্জি প্রয়াত হয়েছেন। মাতৃহারা রানী এই বছর শোক পালনের কারণে উৎসবের কোলাহল থেকে দূরেই থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *