“প্রযোজকদের ক্ষমতা থাকলে সামলাক!” ৮ ঘণ্টার কাজের দাবি নিয়ে দীপিকার হয়ে সোচ্চার কে এই অভিনেত্রী?

মা হওয়ার পর কাজের সময় কমিয়ে ৮ ঘণ্টা নির্ধারণ করা নিয়ে বলিপাড়ায় গত কয়েকদিন ধরেই তুঙ্গে উঠেছে দীপিকা পাড়ুকোনের বিতর্ক। একাধিক বড় বাজেটের সিনেমা হাতছাড়া হওয়া থেকে শুরু করে তারকাদের কটাক্ষ—সবই সহ্য করতে হয়েছে অভিনেত্রীকে। তবে এবার এই জলঘোলা ইস্যুতে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী ঈশিতা দত্ত। স্পষ্ট ভাষায় তিনি পাশে দাঁড়ালেন দীপিকার এবং তুললেন বেশ কিছু জরুরি প্রশ্ন।

‘দৃশ্যম ৩’ খ্যাত অভিনেত্রী তথা দুই সন্তানের জননী ঈশিতা দত্ত এক সাক্ষাৎকারে বলেন, কাজের শর্ত ঠিক করার পূর্ণ অধিকার শিল্পীদের রয়েছে। কিন্তু সেই শর্তগুলোকে কেন বলিপাড়ায় ‘অযৌক্তিক’ বা ‘অবাস্তব’ বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। ঈশিতার স্পষ্ট বার্তা, কিছু অভিনেতা হয়তো দিনে ১২ থেকে ১৫ ঘণ্টা কাজ করতে অভ্যস্ত, কিন্তু তার মানে এই নয় যে সবাইকেই একই সমীকরণে কাজ করে যেতে হবে।

মাতৃত্ব ও পেশাদার জীবনের ভারসাম্য বজায় রাখার জটিলতা নিয়ে কথা বলতে গিয়ে ঈশিতা অত্যন্ত সংবেদনশীল দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, “সন্তান বড় করার দায়িত্ব কতটা কঠিন, তা বাইরে থেকে অনুমান করা সম্ভব নয়। আমার যদি ইন্ডাস্ট্রিতে ততটা প্রভাব থাকত, তবে আমিও কাজের শিফট কমানোর দাবি জানাতাম।”

উল্লেখ্য, মা হওয়ার পর শুটিংয়ের সময়সীমা নির্দিষ্ট করার কথা বলতেই সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ এবং ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল থেকে দীপিকাকে বাদ দেওয়ার খবর ছড়িয়েছিল। এর পর এক সাক্ষাৎকারে দীপিকা নিজেও ক্ষোভ উগরে দিয়ে জানান, বলিপাড়ার প্রথম সারির বহু পুরুষ অভিনেতা বছরের পর বছর ধরে দিনে নির্দিষ্ট কয়েক ঘণ্টা কাজ করছেন, অথচ তখনও তা নিয়ে কেউ প্রশ্ন তোলেন না। শুধু নারী তারকাদের ক্ষেত্রেই কেন এই দ্বিমুখী নীতি, সেই বিতর্ককেই এবার উসকে দিলেন ঈশিতা।

Pratik Saha
  • Pratik Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *