মার্কিন নাগরিক হয়েও মিছিলে অংশগ্রহণ! আমির খানের ভাগ্নেকে দেশ ছাড়ার নোটিশ দিল মুম্বই পুলিশ

রাজনৈতিক বিক্ষোভে যোগ দিয়ে বড় আইনি বিপদের মুখে পড়লেন বলিউড অভিনেতা ইমরান খান। আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাঁকে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিশ পাঠাল মুম্বই পুলিশ। অভিবাসন আইনের (Immigration Act) নির্দিষ্ট ধারা মেনেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, মুম্বই পুলিশের এই কড়া পদক্ষেপের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমে হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন ‘জানে তু ইয়া জানে না’ খ্যাত এই তারকা।

গত ১০ অক্টোবর মুম্বইয়ের ক্রান্তি ময়দানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) একটি প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। সেই বিক্ষোভে যোগ দিয়েছিলেন আমির খানের ভাগ্নে তথা অভিনেতা ইমরান খান। বিদেশি নাগরিক হয়েও এভাবে ভারতের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে পুলিশ তাঁকে আটক করেছিল। যদিও পরবর্তীতে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

তবে এই ঘটনার পরেই আসরে নামে বিজেপি শিবির। বিজেপি নেতা কিরিট সোমাইয়া অভিনেতার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন যে, ইমরান খান মার্কিন নাগরিক এবং তাঁর কাছে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া (OCI) কার্ড রয়েছে। ওিসিআই কার্ডধারীরা ভারতের মাটিতে রাজনৈতিক বিক্ষোভ বা কার্যকলাপে অংশ নিতে পারেন কি না, সেই প্রশ্ন তুলেই তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানানো হয়।

এর পরই নড়েচড়ে বসে প্রশাসন। অভিবাসন আইন লঙ্ঘন করার অভিযোগে সরাসরি অভিনেতাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তবে সাধারণ নাগরিক হিসেবে নিজের স্বাধীনতার পক্ষে সওয়াল করা ইমরান খান পুলিশের এই আদেশের বিরুদ্ধে শেষ পর্যন্ত উচ্চ আদালতের শরণাপন্ন হন কি না, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *