সেলুলয়েডের পর্দায় আসছে ট্র্যাজেডিতে ভরা মহুয়ার জীবনকাহিনি, প্রথম রোমান্টিক গান মুক্তির পরেই কি বাড়ল দর্শকদের কৌতূহল?

বাংলা সিনেমার স্বর্ণযুগের অন্যতম উজ্জ্বল অথচ ট্র্যাজেডিতে ভরা অধ্যায় প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী। তাঁর অকালমৃত্যু এবং রহস্যজনক জীবনকাহিনি আজও সিনেমাপ্রেমীদের মনে দোলা দেয়। এবার সেই কিংবদন্তি অভিনেত্রীর বর্ণময় জীবনকে সেলুলয়েডের পর্দায় ফুটিয়ে তুলতে আসছে রাণা সরকারের প্রযোজনা এবং রাজদীপ ঘোষের পরিচালনায় নতুন বায়োপিক ‘গুনগুন করে মহুয়া’। ছবির মুক্তি ঘিরে চর্চার মধ্যেই সম্প্রতি প্রকাশ্যে এল ছবির প্রথম মিষ্টি রোমান্টিক গান ‘বঁধুয়া’।

অমিত কুমার এবং অন্তরা মিত্রের কণ্ঠে গাওয়া ‘বঁধুয়া’ গানটি ইতিমধ্যে শ্রোতাদের মনে ভালোবাসার এক অপূর্ব অনুভূতি জাগিয়ে তুলবে বলেই আশা নির্মাতাদের। গানের ভিডিওটিতে মহুয়ার তারকা হয়ে ওঠার আগের দিনগুলোকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মঞ্চের ছোটখাটো পারফরম্যান্স থেকে শুরু করে ব্যক্তিগত সম্পর্ক—সবকিছুর টুকরো কোলাজ দেখা গেছে এই গানের ভিডিওতে। ছবিতে তরুণী মহুয়ার চরিত্রে অভিনয় করছেন দিব্যাণী মণ্ডল এবং প্রাপ্তবয়স্ক মহুয়ার চরিত্রে পর্দায় ম্যাজিক দেখাবেন অঙ্কিতা মল্লিক।

সিনেমাপ্রেমী মহলের মতে, মহুয়ার ব্যক্তিগত জীবনের না জানা বহু অধ্যায় এই ছবির মাধ্যমে প্রকাশ্যে আসবে। বিশেষ করে তারকাখ্যাতি পাওয়ার আগের সংগ্রাম এবং পর্দার পেছনের টানাপোড়েন কতটা নিবিড় ছিল, তার একটা আভাস মিলছে এই গানে। গান মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছবির ট্রেলার এবং মুক্তির তারিখের জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *