“টুকরে-টুকরে গ্যাংয়ের উৎপাত শেষ!” মা দুর্গার আগমনে পার্ক স্ট্রিট পবিত্র হতেই বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু!

কলকাতার অন্যতম ব্যস্ত এবং অভিজাত এলাকা পার্ক স্ট্রিটে এবার এক নতুন ইতিহাস রচিত হলো। এই প্রথমবার পার্ক স্ট্রিটে দুর্গাপুজোর আয়োজন করেছেন শঙ্কুদেব পণ্ডা। আর জীবনের প্রথম এই পুজোকে ঘিরে আয়োজক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে রয়েছে এক অন্যরকম আবেগ ও উন্মাদনা। সোমবার গভীর রাতে এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করতে সশরীরে অ্যালন পার্কে হাজির হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও।
উদ্বোধনী মঞ্চ থেকে পার্ক স্ট্রিটের এই নতুন পুজো প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “পার্ক স্ট্রিটে কোনো দিন পুজো হতো না। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গোটা পশ্চিমবঙ্গে ১২ হাজারের বেশি নতুন পুজো হচ্ছে। আগের সরকারের সময় পুজো করতে হাইকোর্টে যেতে হতো। তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।” এই কথা বলার পরেই তিনি সশব্দে ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন।
গত সোমবার রাত প্রায় এগারোটা নাগাদ অ্যালন পার্কে শঙ্কুর পুজো উদ্বোধনে আসেন শুভেন্দু অধিকারী। উপস্থিত সমস্ত বিজেপি নেতাদের নাম উল্লেখ করে তিনি বলেন, “একদম রাষ্ট্রবাদী টিম পুরো হাজির।” বক্তব্যের শুরুতেই পার্ক স্ট্রিট প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “পার্ক স্ট্রিটে টুকরে-টুকরে গ্যাংয়ের উৎপাত মাঝে-মধ্যে ছিল। আজ মা দুর্গার আগমনে পুরো পার্কস্ট্রিট পবিত্র ও শুদ্ধ। এই পুজোকে ধরে রাখুন। পুজোয় পারলে এসে প্রসাদ খাব। ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরা সব বজায় থাকুক। এবারের পিতৃপক্ষে কাউকে কাঁচি নিয়ে বেরতে দিইনি। মহালয়ায় মাকে কীভাবে এনেছি। পবিত্রতা, সংস্কৃতি সব বজায় রেখে এবার মাকে এনেছি।”
উল্লেখ্য, এ বছর উৎসবের মরসুমে একেবারে ব্যস্ত সময় কাটাচ্ছেন মুখ্যমন্ত্রী। গত ১০ অক্টোবর মহালয়ার দিন কলকাতার ইডেন গার্ডেন্সে ‘উমা আগমনী’ অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য সরকারের দুর্গাপুজোর উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন তিনি। সেই জমকালো অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, ড্রোন শো, আতশবাজি এবং প্রায় ৩,০০০ ঢাকির সমবেত পরিবেশনা দর্শকদের নজর কেড়েছিল। এরপর ১১ অক্টোবর তিনি কলকাতার বিখ্যাত সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেন। এ বছর ওই পুজোর থিম ‘বন্দে মাতরম্’, যেখানে ভারতের জাতীয় সঙ্গীতের ১৫০ বছর পূর্তি উপলক্ষে স্বাধীনতা সংগ্রাম ও দেশভাগের ইতিহাস মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে।
পাশাপাশি, ১২ অক্টোবর চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির ৯১তম বর্ষের পুজোর উদ্বোধন করেন তিনি, যার থিম ছিল ‘বিয়ন্ড সাউন্ড’। শহরের কোলাহলের বিপরীতে শান্তি ও অন্তর্মুখী ভাবনার এক অনন্য পরিবেশ তুলে ধরা হয়েছে সেখানে। এছাড়া শ্রীভূমির পুজোর উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে রাজ্যজুড়ে শারদোৎসবের এই মেগা সূচনা এবং পার্ক স্ট্রিটের নতুন পুজো ঘিরে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহল এখন চরম সরগরম।