পরিসংখ্যানই শেষ কথা! ১,০০০ গোলের আগেই ‘গোট’ বিতর্কে সপাট জবাব ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

ফুটবলের সর্বকালের সেরা (GOAT) কে—লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? বছরের পর বছর ধরে চলতে থাকা এই অবিরাম তর্কযুদ্ধে এবার একাই আগুন ধরিয়ে দিলেন খোদ পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এক আন্তর্জাতিক সাক্ষাৎকারে কোনো রাখঢাক না রেখে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় আর কেউ নন, তিনি নিজেই! তাঁর এই সোজাসাপ্টা মন্তব্য প্রকাশ্যে আসতেই বিশ্ব ক্রীড়ামহলে শুরু হয়েছে তীব্র আলোড়ন।
সাক্ষাৎকারে নিজের রেকর্ড ও গোলের পরিসংখ্যান নিয়ে কথা বলতে গিয়ে ক্ষোভ ও আত্মবিশ্বাস দুটোই ঝরে পড়েছে রোনাল্ডোর গলায়। সিআরসেভেন বলেন, “মানুষ আজকাল আমার মুহূর্তগুলো বা মাঠের অবদানকে সঠিক মূল্যায়ন করছে না। সবাই কেবল গুনে চলেছে ১,০০০ গোল ছুঁতে আমার আর কতগুলো বাকি! আমার কেরিয়ারের গোলসংখ্যা ৯২০ হোক, ৯২৫ কিংবা ৯৩০—ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই, ব্যস এখানেই কথা শেষ। এ নিয়ে কোনো তর্কের জায়গাই নেই। সংখ্যা আর পরিসংখ্যানই আমার হয়ে সব কথা বলে।”
তিনি আরও যোগ করেন, “কেউ যদি পেলে, মারাদোনা বা মেসিকে পছন্দ করেন, সেটা তাঁদের ব্যক্তিগত বিষয় এবং আমি তাকে শ্রদ্ধা করি। কিন্তু কেউ যদি দাবি করেন আমি একজন ‘কমপ্লিট ফুটবলার’ নই, তবে সেটা চরম মিথ্যে। ফুটবলের ইতিহাসে আমিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়।”
কেরিয়ারের ১,০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক সামনে থাকলেও তা নিয়ে অতিরিক্ত ভাবতে নারাজ ৪১ ছুঁইছুঁই এই মহাতারকা। তাঁর কথায়, সবকিছু স্বাভাবিক নিয়মে চলাই শ্রেয়। নিজের অবসর ও ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, “আমি বর্তমান নিয়ে বাঁচি। হয়তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখব মাঠে নামার কোনো অনুপ্রেরণা আর অবশিষ্ট নেই, সেদিনই আমি খেলা থামিয়ে দেব।”
২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর অনেকেই মেসিকে সর্বকালের সেরা হিসেবে মেনে নিয়েছিলেন। তবে সৌদি প্রো লিগ ও আন্তর্জাতিক ফুটবলে একের পর এক গোল করে রোনাল্ডো প্রমাণ করে চলেছেন বয়স কেবলই একটি সংখ্যা। এবার সরাসরি নিজেকে সর্বকালের সেরা ঘোষণা করে ফুটবলপ্রেমীদের সেই চিরন্তন মেসি বনাম রোনাল্ডো বিতর্ককে নতুন করে সপ্তমে চড়ালেন সিআরসেভেন।