‘জ্ঞানেশ হটাও, দেশ বাঁচাও!’ মঙ্গলেই তিলোত্তমায় আছড়ে পড়ছে তৃণমূলের বিরাট জনস্রোত, চরম হুঁশিয়ারি কালীঘাটের

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দেশজুড়ে চলা তীব্র আন্দোলনের আঁচ এবার আছড়ে পড়তে চলেছে খাস কলকাতার রাজপথে। রাজধানীতে প্রতিবাদের ঝড় তোলার পর এবার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরাসরি তিলোত্তমার বুকেই মেগা মিছিলের ডাক দিল কালীঘাট তৃণমূল। এসআইআর (SIR) প্রক্রিয়া এবং ভোটার তালিকায় কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে রাজপথে নামার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবারই কলকাতার বুকে এই মহামিছিল অনুষ্ঠিত হতে পারে। এই কর্মসূচির ডাক দিয়ে ইতিমধ্য়েই একটি প্রচারপত্রও বিলি করেছে কালীঘাট তৃণমূল। সেই প্রচারপত্রে কেন্দ্রের বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তোলার পাশাপাশি দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্যায়ভাবে আটক করা এবং প্রতিবাদী তরুণ প্রজন্মের ওপর পুলিশি অত্যাচারের বিষয়গুলি জোরালোভাবে তুলে ধরা হয়েছে। এই প্রশাসনিক দমনপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে।
ইতিমধ্যেই রাজ্যজুড়ে জেলায় জেলায় এই আন্দোলনের ঢেউ ছড়িয়ে দিতে তৃণমূলের তরফে কড়া বার্তা পাঠানো হয়েছে। রাজনৈতিক মহলের মতে, এসআইআর সংক্রান্ত জট এবং নির্বাচন কমিশনের একপেশে ভূমিকার বিরুদ্ধে তৃণমূল যে কোনোভাবেই আপস করতে রাজি নয়, খাস কলকাতায় এই প্রতিবাদ মিছিলের ডাক দিয়ে কেন্দ্রকে সেই চরম বার্তাই দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিলোত্তমার রাজপথে এই মেগা কর্মসূচির ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে পুলিশি অনুমতির ওপর।