দিল্লি মেট্রোয় সিট নিয়ে হাতাহাতি! প্রাক্তন আইএএস অফিসারের ধাক্কায় প্রাণ হারালেন ৪৮ বছরের ব্যক্তি

দিল্লি মেট্রোর ভেতরে সিট দখলকে কেন্দ্র করে এক তুচ্ছ বচসা এবং হাতাহাতির জেরে ৪৮ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। এই ঘটনায় এক প্রাক্তন আইএএস অফিসার এবং তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনের সংলগ্ন চলন্ত মেট্রোয় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
ঘটনার সূত্রপাত যেভাবে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেট্রোর কামরায় বয়স্ক বা সিনিয়র সিটিজেনদের জন্য নির্ধারিত বা সংরক্ষিত আসনে বসা নিয়ে মৃত ব্যক্তি পবন শর্মার সঙ্গে অভিযুক্তদের তীব্র কথা কাটাকাটি শুরু হয়। অভিযুক্ত প্রাক্তন আইএএস অফিসার সঞ্জয় প্রতাপ সিং এবং তাঁর ছেলে সিদ্ধার্থ সিংয়ের সঙ্গে পবনের তুমুল বচসা বাঁধে। অভিযোগ, চলন্ত মেট্রোর মধ্যেই পবন শর্মাকে সজোরে চড়-থাপ্পড় মারা হয় এবং ধাক্কা দিয়ে সিট থেকে ফেলে দেওয়া হয়। মেট্রোর মেঝেতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান ওই ব্যক্তি।
হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ
ঘটনার পরই মেট্রোর কর্মীরা ও অন্যান্য যাত্রীরা তড়িঘড়ি এগিয়ে আসেন। গুরুতর জহত ও সংজ্ঞাহীন অবস্থায় পবন শর্মাকে অ্যাম্বুল্যান্সে করে নিকটবর্তী লোক নায়ক জয়প্রকাশ (LNJP) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনার খবর প্রকাশ্যে আসতেই পুলিশ দ্রুত তৎপর হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর রুজু করে।
অভিযুক্তদের পরিচয় ও আইনি পদক্ষেপ
পুলিশের তদন্তে জানা গিয়েছে, ধৃত প্রাক্তন আইএএস অফিসার সঞ্জয় প্রতাপ অতীতেও একবার ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। অন্যদিকে, তাঁর ছেলে সিদ্ধার্থ পেশায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পিতা ও পুত্রের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে। খাস মেট্রোর অন্দরে এমন নক্কারজনক হিংসা ও মৃত্যুর ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।