জন্মদিনে রোম্যান্টিক বার্তায় ধরা দিলেন শুভস্মিতা: সৌরভ চক্রবর্তীকে নিয়ে লিখলেন মনের কথা

অভিনেতা ও পরিচালক সৌরভ চক্রবর্তীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ভালবাসায় মোড়া আবেগঘন বার্তা দিলেন তাঁর প্রেমিকা তথা অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়। সঙ্গে ভাগ করে নিলেন একসঙ্গে কাটানো নানান মুহূর্তের অদেখা ছবি ও কেক কাটার ঝলক।
টেলিপাড়ার এই জনপ্রিয় জুটির সম্পর্ক এখন আর কারও অজানা নয়। বহু দিন পর পরিচালনা থেকে অভিনয়ে ফিরে ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে শুভস্মিতার সঙ্গে জুটি বেঁধেছিলেন সৌরভ। সেখান থেকেই আলাপ, প্রেম এবং পরবর্তীতে বাগদান ও আইনি বিয়ে। এবার সৌরভের বিশেষ দিনে মনের সমস্ত আবেগ উজার করে লিখলেন শুভস্মিতা।
চিঠিতে কী লিখেছেন শুভস্মিতা?
সৌরভের উদ্দেশে খোলা চিঠিতে অভিনেত্রী লেখেন, “তোমায় যখন প্রথম দেখেছিলাম, জানতাম না আগামীতে কী আসতে চলেছে। ভালবাসা দরজায় কড়া নাড়েনি। আমি থামানোর আগেই প্রতিটি দরজা, জানালা দিয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়েছে। ভয় ছিল ভবিষ্যৎ কোন দিকে যাবে, তারপর তুমি এসে হাত ধরলে আর বুঝলাম—হ্যাঁ, এটাই।”
তিনি আরও যোগ করেন, “তোমার মধ্যে এমন কিছু আছে যা ভাষায় বোঝানো যাবে না। খুব চেনা, যেন ভুলে যাওয়া কোনো গল্প হঠাৎ মনে পড়া! কখনও মনে হয় আমাদের কি অন্য কোনো জন্মে দেখা হয়েছিল? শুভ জন্মদিন আমার রকস্টার। তুমি যা চাও সব যেন পাও। আর যদি কিছু না পাও, আমি ভাগ্যের থেকে সেটা তোমার জন্য ছিনিয়ে আনব।”
এক বছরেরও বেশি সময় ধরে চলা জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’ খুব শীঘ্রই ইতি টানতে চলেছে। পর্দার ‘দীপ’ ও ‘ঝাঁপি’র অন-স্ক্রিন রসায়ন যেমন দর্শকদের মন জয় করেছিল, তেমনই বাস্তব জীবনেও খুব তাড়াতাড়ি সামাজিক বিয়ের সানাই বাজতে চলেছে এই জুটির। তার আগেই সৌরভের জন্মদিনে অভিনেত্রীর এই ভালোবাসার বার্তা মন কেড়েছে অনুরাগীদের।