অজয় দেবগণ বনাম জয়দীপ আহলাওয়াতের মহাযুদ্ধ! পর্দা কাঁপানো থ্রিলারে কেমন হল বহু প্রতীক্ষিত ‘দৃশ্যম ৩’?

অজয়-জয়দীপের জোর টক্করে জমজমাট ‘দৃশ্যম ৩’! থ্রিলারের দুনিয়ায় ফের নজির গড়ল এই সিনেমা
বলিউডে কোনো হিট ছবির সিক্যুয়েল এলে সাধারণত পুরনো গল্পের মশলা নতুন করে পরিবেশন করার একটা প্রবণতা দেখা যায়। কিন্তু ‘দৃশ্যম ৩’-এ পরিচালক অভিষেক পাঠক প্রমাণ করে দিলেন, কেন তিনি এই সময়ের অন্যতম সেরা স্টোরিটেলার। ফ্র্যাঞ্চাইজিটির মূল আবেগ ও রোমাঞ্চ বজায় রেখেও আগের গল্পের কোনও চর্বিতচর্বণ না করে এক দুর্দান্ত নতুন অধ্যায় উপহার দিয়েছেন তিনি, যেখানে পুরনো চরিত্রদের পাশাপাশি যুক্ত হয়েছে অত্যন্ত শক্তিশালী কিছু নতুন চরিত্র।
ছবির প্রথমার্ধের সবচেয়ে বড় আকর্ষণ হলো অভিনেতা জয়দীপ আহলাওয়াতের এন্ট্রি এবং অজয় দেবগণ ও জয়দীপ অহলাওয়াতের মুখোমুখি হওয়ার সেই টানটান সিকোয়েন্স। পর্দায় এই দুই তারকার কুল ও ক্যালকুলেটিভ ঠান্ডা লড়াই রীতিমতো গায়ে কাঁটা দেয় এবং হলভর্তি দর্শকের হাততালি আদায় করে নেয়। বিশেষ করে বিরতির ঠিক আগের দৃশ্যগুলোর চোখে-চোখে চাপানউতোর দর্শককে বারবার প্রেক্ষাগৃহে টেনে আনতে বাধ্য করবে।
‘দৃশ্যম দ্য কনক্লুশন’-এর প্রাণভ্রমরা হিসেবে ‘বিজয় সালগাঁওকর’রূপী অজয় দেবগণ নিজের সমস্তটা দিয়ে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে, এই ফ্র্যাঞ্চাইজির নতুন সংযোজন জয়দীপ অহলাওয়াত একেবারে প্রথম সারির অভিনয় দিয়ে বাজিমাত করেছেন। তাঁর সংযত অথচ দাপুটে অভিনয় ছবিটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। পাশাপাশি টাবু ও প্রকাশ রাজের শক্তিশালী স্ক্রিন প্রেজেন্স এবং নিখুঁত অভিনয় ছবির সাসপেন্সকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। গানের চেয়েও এর শক্তিশালী আবহসঙ্গীত প্রতি মুহূর্তে নাটকীয়তা ও উত্তেজনা তৈরি করে। সবমিলিয়ে, একটি সফল থ্রিলারের শেষটা যেমন হওয়া উচিত, ‘দৃশ্যম ৩’-এর বিশ্বাসযোগ্য, রোমাঞ্চকর এবং তৃপ্তিদায়ক ক্লাইম্যাক্স দর্শকদের পুরোপুরি মন্ত্রমুগ্ধ করবে।